ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে তিনি লেখেন, 'গোণ্ডা জেলার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা রইল।'

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 3 August 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জন যাত্রীর। গোণ্ডা জেলার একটি খালে রবিবার পড়ে যায় যাত্রীবোঝাই একটি বোলেরো। গাড়িতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের অবস্থা সংকটজনক।
সকলে একসঙ্গে একটি মন্দির দর্শন সেরে ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি হয়। খালে পড়ার পরে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। বেশ কিছু যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি প্রশাসনের তরফে।
ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে তিনি লেখেন, 'গোণ্ডা জেলার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা রইল।'
তিনি জানান, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত আরোগ্য কামনাও করেছেন আহতদের উদ্দেশে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। চালকের অবস্থা গুরুতর, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।