'ব্ল্যাক বক্স', অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার, বিমানের প্রযুক্তিগত এবং ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 June 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার (Ahmedabad Plane Crash) ২৪ ঘণ্টা পর উদ্ধার করা গেছিল 'ব্ল্যাক বক্স' (Black Box)। সেই সময়ে জানান হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এবং তথ্য উদ্ধারের জন্য তাকে পাঠানো হতে পারে আমেরিকা। কিন্তু সম্প্রতি সেই জল্পনায় জল ঢেলে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু (Civil Aviation Minister Ram Mohan Naidu)।
দুর্ঘটনাগ্রস্ত বিমানের 'ব্ল্যাক বক্স' এখনও দেশেই রয়েছে। আপাতত আমেরিকায় (America) পাঠানো হচ্ছে না সেটি। এমনটাই স্পষ্ট করেছেন মন্ত্রী রাম মোহন নাইডু। তাঁর কথায়, এই মুহূর্তে বিদেশে 'ব্ল্যাক বক্স' পাঠানোর কারণ নেই। আপাতত সেটিকে পরীক্ষা করে দেখছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। তাই সেটি বিদেশে পাঠানো হচ্ছে — এই দাবি তথ্যগত ভুল।
'ব্ল্যাক বক্স'-এ আদতে দুই ধরনের ডিভাইস থাকে। ককপিট ভয়েস রেকর্ডার (CVR) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR)। কিন্তু তা থেকে এখনও দুর্ঘটনার আসল কারণ সংক্রান্ত কোনও তথ্য মেলেনি। আগেই জানা গেছিল, ওই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ বিমানটি আমেরিকায় তৈরি হওয়ায়, আন্তর্জাতিক নিয়ম মেনে তদন্তে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ও বোয়িং সংস্থাও। সেক্ষেত্রে 'ব্ল্যাক বক্স' থেকে তাঁরা কিছু উদ্ধার করতে পারে কিনা, সেটাই দেখার।
'ব্ল্যাক বক্স', অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার, বিমানের প্রযুক্তিগত এবং ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে। কোনও বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে এই যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমদাবাদের দুর্ঘটনা কীভাবে ঘটল তা এখনও পরিষ্কার নয়। কেউ মনে করছেন যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করছেন 'হিউম্যান এরর'। আবার কারও ধারণা, পাখির ধাক্কায় এমন হয়েছে। আসল তথ্য এই 'কালো বাক্স'টিই দিতে পারবে।
প্রসঙ্গত, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় একজন যাত্রী বাদে নিহত হন ২৪১ জন। বিমানটি ভেঙে পড়েছিল একটি জুনিয়র ডাক্তারদের হস্টেলের ওপর। সেখানেও ১০ জনের মৃত্যু হয়েছিল।