'ব্ল্যাক বক্স', অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার, বিমানের প্রযুক্তিগত এবং ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 June 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: যে কোনও বিমান দুর্ঘটনা ঘটলে সবার আগে খোঁজ পড়ে 'ব্ল্যাক বক্স'-এর (Black Box)। কারণ এর থেকেই মূলত দুর্ঘটনার আসল কারণ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার (Ahmedabad Plane Crash) পরও এর খোঁজ শুরু হয়েছিল স্বাভাবিক নিয়মেই। কিন্তু ২৪ ঘণ্টা কেটে গেলেও তা মিলছিল না। অবশেষে শুক্রবার বিকেলে তা উদ্ধার হল।
টেক অফ-এর কয়েক মিনিটের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane) ভেঙে পড়েছিল। আর তা ভেঙে পড়ে বিমানবন্দরের কাছেই এক জুনিয়র ডাক্তারদের হস্টেলের (Junior Doctor Hostel) ওপর। সূত্রের খবর, সেই হস্টেলের ছাদের এক কোণ থেকেই উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের 'ব্ল্যাক বক্স'। দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছিল ডিজিসিএ (DGCA)এবং অন্যান্য তদন্তকারী সংস্থা। তাঁদের মধ্যে রয়েছে গুজরাট সরকারের 'এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো'-এর (AAIB)৪০ জন সদস্য। তাঁরাই ওই হস্টেলের ছাদ থেকে এটি খুঁজে পেয়েছে।
'ব্ল্যাক বক্স', অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার, বিমানের প্রযুক্তিগত এবং ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে। কোনও বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে এই যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমদাবাদের দুর্ঘটনা কীভাবে ঘটল তা এখনও পরিষ্কার নয়। কেউ মনে করছেন যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করছেন 'হিউম্যান এরর'। আবার কারও ধারণা, পাখির ধাক্কায় এমন হয়েছে। আসল তথ্য এই 'কালো বাক্স'টিই দিতে পারবে।
দেশের তো বটেই বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি আমদাবাদে বিমান ভেঙে পড়ার ঘটনা। আর এর থেকে শিক্ষা নিয়েই বোয়িং ড্রিমলাইনার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার বলে খবর। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার অর্থাৎ বসিয়ে দেওয়ার ভাবনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, মার্কিন সংস্থার তৈরি এই বিমানগুলিকে আপাতত বসিয়ে দিয়ে একটি বিস্তারিত সুরক্ষা পর্যালোচনার ভাবনা নিতে চলেছে কেন্দ্র। এর জন্য ভারতের বেসামরিক বিমান পরিবহণ দফতর ও মার্কিন নিয়ামক সংস্থাগুলির মধ্যে আলোচনা চলছে বলেও জানা গেছে। যদিও সরকারের তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।