অখিলেশ এবং তাঁর স্ত্রী ডিম্পলের মসজিদের ভিতরের কিছু ছবি সামনে আসতেই কার্যত তেড়েফুঁড়ে উঠেছে বিজেপি। তাঁদের দাবি, ওই মসজিদকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে সমাজবাদী পার্টি।

এই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক
শেষ আপডেট: 23 July 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: সংসদের (Parliament) সামনে একটি মসজিদে (Mosque) সস্ত্রীক গেছিলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সেই সফর ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কারণ বড় অভিযোগ করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, ধর্মীয় স্থানে আদতে রাজনৈতিক বৈঠক করতে গেছিলেন অখিলেশ। আর তাঁর স্ত্রীর পোশাকও মসজিদে পরার মতো ছিল না।
অখিলেশ এবং তাঁর স্ত্রী ডিম্পলের (Dimple Yadav) মসজিদের ভিতরের কিছু ছবি সামনে আসতেই কার্যত তেড়েফুঁড়ে উঠেছে বিজেপি। তাঁদের দাবি, ওই মসজিদকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে সমাজবাদী পার্টি (Samajbadi Party)। পাশাপাশি, ডিম্পলের পোশাক নিয়েও আপত্তি তুলেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকি।
তিনি বলেন, “অখিলেশ যাদব সেই মসজিদে গেছিলেন, যেটা সংসদের একেবারে সামনে। সেই মসজিদের ইমাম এসপি সাংসদ নাদভি। মসজিদের ভিতর বসে রাজনৈতিক বৈঠক হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
এরপর ডিম্পল যাদবকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি। বলেন, “ছবিতে দেখা যাচ্ছে ডিম্পল যাদব ব্লাউজ পরে বসে আছেন, তাঁর পিঠ ও পেট দেখা যাচ্ছে, মাথায় ওড়নাও নেই। এটা মসজিদের আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। গোটা বিশ্বের মুসলিম সমাজ এতে আহত হয়েছেন।”
বিজেপি নেতার হুঁশিয়ারি, ওই ঘটনায় এফআইআর দায়ের করা হবে। আর ২৫ জুলাই একই মসজিদে সভা করার ঘোষণাও করেছেন তিনি।
এদিকে, এই অভিযোগ নস্যাৎ করে সমাজবাদী পার্টির তরফে ডিম্পল যাদব বলেন, “মসজিদে কোনও রাজনৈতিক সভা হয়নি। এসপি সাংসদ ইমাম নাদভি আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আমরা গিয়েছিলাম। বিজেপি মিথ্যে প্রচার করছে। দেশজুড়ে যেসব গুরুত্বপূর্ণ ইস্যু চলছে, সেগুলোর দৃষ্টি ঘোরাতেই এমন নাটক করছে তারা।”
ডিম্পল আরও বলেন, “বিহারে বিশেষ তদন্ত রিপোর্ট, পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর-এর মতো বিষয়ে সরকার মুখ খুলতে চায় না। তাই জনতার নজর ঘোরাতে এই বিতর্ক তৈরির চেষ্টা চলছে।”
অখিলেশ যাদবও কটাক্ষ করে বলেন, “ধর্ম মানুষকে একত্র করে, বিজেপি চায় মানুষ দূরে দূরে থাকুক। বিজেপি ধর্মকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে। আপনাদের ধন্যবাদ, কিন্তু আপনারাও বিজেপির ফাঁদে পা দিচ্ছেন।”