ওনাম এবং বড়দিনে একটি করে অর্থাৎ মোট দুটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন AIIMS এবং পেনশন বৃদ্ধি-সহ একাধিক সামাজিক প্রকল্পের কথাও বলা হয়েছে এখানে।

কেরলের নির্বাচনের জন্য বিজেপির ইস্তেহার
শেষ আপডেট: 31 March 2026 20:15
দ্য ওয়াল ব্যুরো: অসমের পরে এবার কেরল। মঙ্গলবার কেরলের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এই ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে গরিব পরিবারকে বছরে দু’টি LPG সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা। গভীর জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, এর মাঝেই এমন প্রতিশ্রুতি ঘিরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিজেপি ক্ষমতায় এলে কেরলের সাধারণ মানুষের রান্নার খরচ কমাতে গরিব মানুষকে বছরে দু'টি LPG সিলিন্ডার বিনামূল্যে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। বলা হয়েছে, ওনাম এবং বড়দিনে একটি করে অর্থাৎ মোট দুটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি নতুন AIIMS এবং পেনশন বৃদ্ধি-সহ একাধিক সামাজিক প্রকল্পের কথাও বলা হয়েছে এখানে। কিন্তু এই প্রতিশ্রুতি এমন এক সময়ে এসেছে, যখন ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে, ভারতের জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে LPG আমদানিতে বড় ধাক্কা লেগেছে। ভারতের প্রায় ৯০ শতাংশ LPG এই পথেই আসে।
জানা গিয়েছে, যুদ্ধের প্রভাবে বাজারে সিলিন্ডারের ঘাটতি ও দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, ভারতের জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারকে বিকল্প উৎস থেকে LPG সংগ্রহ করতে হচ্ছে এবং সীমিত মজুদের ওপর নির্ভর করে এলপিজি বুক করার ক্ষেত্রে সাধারণ মানুষের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
এই পরিস্থিতিতে বিজেপি-র ইস্তেহারের এই প্রতিশ্রুতি স্বাভাবিকভাবেই বিরোধীদের মধ্যে প্রশ্ন তুলে দিয়েছে। যেখানে সারা দেশ জুড়ে গ্যাসের ঘাটতি, সেখানে কেরলে বিনামূল্যে LPG সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত এই প্রশ্নই করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এই ঘোষণা মূলত ভোটারদের আকৃষ্ট করার কৌশল হলেও বাস্তব পরিস্থিতিতে এর বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হবে।
সব মিলিয়ে, কেরলে বিজেপির ইস্তেহারের এই প্রতিশ্রুতি যেমন সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়, তেমনই বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।