
প্রিয়ঙ্কা গান্ধী
শেষ আপডেট: 13 November 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: ভোটের ময়দানে বুধবার অগ্নিপরীক্ষা প্রিয়ঙ্কা গান্ধীর। দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনাড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তিনি পাশ করবেন নাকি ফেল তা জানা না গেলেও উপনির্বাচনের দিন কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। প্রিয়ঙ্কার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন ওয়েনাড লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নব্যা হরিদাস।
ঠিক কী অভিযোগ?
মঙ্গলবার সকালে আর পাঁচজন প্রার্থীর মতো সকালে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেছেন, ‘কংগ্রেস ভোটারদের প্রলোভিত করছে। টাকা, মদ, উপহার বিলি করে কংগ্রেসকেই ভোট দিতে বলা হচ্ছে।’
একই সঙ্গে নব্যা জানান, ‘ওয়েনাডের মানুষের ঘরের লোক প্রয়োজন। যে সবসময় তাঁদের পাশে থাকবেন। অভিযোগ শোনা মাত্রই সমস্যার সমাধান করবেন। বাইরের মানুষকে ওয়েনাডবাসী চান না।’
এরপরই প্রিয়ঙ্কাকে কটাক্ষ করে বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘ওঁর মধ্যে হারের ভয় ঢুকে গেছে। তাই এসব করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তবে এসব করে লাভের লাভ হবে না।’ যদিও এই বিষয়ে প্রিয়ঙ্কা বা কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বুধবার সকালেই সোশ্যাল মিডিয়ায় সকলকে ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহ দেন প্রিয়ঙ্কা। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমার প্রিয় ভাই-বোনেরা। আপনারা নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আজ আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার দিন। সংবিধান যে অধিকার দিয়েছে তা আপনারা প্রয়োগ করুন। চলুন একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।’
ওয়েনাড কংগ্রেসের হাতুর তালুর মতো চেনা হলেও বিজেপি প্রার্থী ওসব গুরুত্ব দিতে নারাজ। হাতে শিবিরকে চ্যালেঞ্জের মুখে ফেলতেই গেউয়া শিবিরের ট্রাম্প কার্ড নব্যা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেরালার কোঝিকোড পুরসভার ২ বারের কাউন্সিলর নব্যা হরিদাস। তিনি বিজেপি মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদকের পদেও ছিলেন।
তবে নিজের প্রথম ভোট-পরীক্ষার কথা ভেবে প্রিয়ঙ্কাও প্রচারে যথেষ্ট দৌড়ঝাঁপ করেছেন। সোমবার প্রচারের শেষ দিনে বোনের সঙ্গে ছিলেন ওয়ানাডের দু’বারের সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস নেতা আগেও একদফা প্রচার করেছেন। মনোনয়ন পেশের দিন প্রিয়ঙ্কার সঙ্গে রাহুল ছাড়াও মা সনিয়া হাজির ছিলেন।