
টহলে ভারতীয় সেনা - ফাইল ছবি
শেষ আপডেট: 4 November 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে লস্করের এক শীর্ষ নেতাকে খতম করেছে ভারতীয় সেনা। তবে এই এনকাউন্টারে সেনাকে বন্দুক বা অন্য কোনও অস্ত্রের থেকেও বেশি সাহায্য করেছে বিস্কুট! কীভাবে সাফল্য পেল সেনাবাহিনী, সেই গল্প চমকে দেবে।
শ্রীনগরে উসমান নামে লস্কর-ই-তৈবার এক কমান্ডোর লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েছিল সেনাবাহিনী। তবে তার গোপন ঠিকানায় হামলা করার বিষয়ে সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল ওই রাস্তায় থাকা একাধিক কুকুর। প্রচণ্ড সাবধানী হয়ে হামলার ছক করা হলেও পথ-কুকুররা তাঁদের দেখে চিৎকার করতে পারে, এমন সম্ভাবনা ছিল। তাই কুকুরদের শান্ত করতে বিস্কুট ব্যবহার করে ভারতীয় সেনা।
খান্নারের এক জনবহুল এলাকায় গোপন ডেরা করে লুকিয়ে ছিল উসমান। তার খোঁজ পাওয়ার পর এনকাউন্টার করার সিদ্ধান্ত নেয় জওয়ানরা। কীভাবে তাকে মারা হবে সেই পরিকল্পনা কমপক্ষে ৯ ঘণ্টা ধরে করা হয়েছিল। কিন্তু সবকিছুতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এলাকার কুকুর।
সেনা অতর্কিতে উসমানের ওপর হামলা চালাত, কিন্তু কুকুরদের একটাও যদিও চিৎকার করে উঠত তাহলে উসমান সেনার উপস্থিতি বুঝে ফেরার হয়ে যেতে পারত। তাই বুদ্ধি করেই বিস্কুটের ব্যবহার করে ভারতীয় জওয়ানরা। ধীরে ধীরে নিজেদের টার্গেটের দিকে এগোতে থাকার সময়ে জওয়ানরা কুকুরদের দেখেই বিস্কুট দিতে থাকে। তাই কোনও কুকুরই তাঁদের দেখে চিৎকার করেনি।
শেষমেষ উসমানের কাছাকাছি পৌঁছনোর পর অবশ্য গুলি যুদ্ধ শুরু হয় দুই পক্ষের। কারণ উসমানের কাছে একে-৪৭ থেকে শুরু করে একাধিক অস্ত্র মজুত ছিল। বেশ কয়েক ঘণ্টা গুলি-পাল্টাগুলি চলার পর ভারতীয় সেনা খতম করে উসমানকে। এই ঘটনায় ৪ জওয়ানও আহত হয়েছেন।