বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, “সতর্ক বিবেচনার পর” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সামিটের মূল বিষয়বস্তুর উপরই ফোকাস বজায় থাকে।

শেষ আপডেট: 19 February 2026 10:30
দ্য ওয়াল ব্যুরো: এপস্টাইন ফাইলস ঘিরে বাড়তে থাকা বিতর্কের (Epstein Files Controversy) মাঝেই বড় সিদ্ধান্ত, ভারতের ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ (India AI impact Summit 2026)-এ ভাষণ দিচ্ছেন না বিল গেটস (Bill Gates AI Summit India keynote cancelled)। অনুষ্ঠানের একদিন আগেই যেখানে তাঁর বক্তৃতার ঘোষণা করা হয়েছিল, সেখানেই হঠাৎ সিদ্ধান্ত বদল করল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন (Bill & Melinda Gates Foundation)।
সংস্থার তরফে জানানো হয়েছে, “সতর্ক বিবেচনার পর” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সামিটের মূল বিষয়বস্তুর উপরই ফোকাস বজায় থাকে।
ভারত মণ্ডপমে ভাষণ নির্ধারিত ছিল
গেটসের এই ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লির ভারত মণ্ডপম (Bharat Mandapam)-এ। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। ফাউন্ডেশনের বিবৃতিতে জানানো হয়েছে, গেটসের পরিবর্তে সংস্থার আফ্রিকা ও ভারত দফতরের প্রধান অঙ্কুর ভোরা সামিটে বক্তব্য রাখবেন।
একইসঙ্গে তারা জানিয়েছে, ভারতের স্বাস্থ্য ও উন্নয়নমূলক কাজে তাদের প্রতিশ্রুতি আগের মতোই অটুট থাকবে।
২৪ ঘণ্টার মধ্যে ‘ইউ-টার্ন’
উল্লেখযোগ্যভাবে, মাত্র একদিন আগেই গেটস ফাউন্ডেশন সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছিল বিল গেটস নির্ধারিত সূচি অনুযায়ী কীনোট ভাষণ দেবেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই অবস্থান বদলে ফেলে সংস্থা।
এপস্টিন ফাইলস বিতর্কেই চাপ?
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ক্রমবর্ধমান বিতর্ক। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত অপরাধী জেফরি এপস্টাইন (Jeffrey Epstein)-এর সঙ্গে যুক্ত নথিতে একাধিকবার গেটসের নাম উঠে এসেছে, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও চাপ বাড়ছিল।
যদিও এই সমস্ত অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন গেটস। তাঁর দাবি, এই অভিযোগগুলি “সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর”।
ভারতে বিলের সফর ঘিরেও বিতর্ক
ভারত সফরেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁকে। এই সপ্তাহের শুরুতে অন্ধ্রপ্রদেশের গন্নাভরম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী নারা লোকেশ ও তাঁর সহকর্মীরা। লোকেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “অমরাবতীতে স্বাগতম, মিস্টার বিল গেটস।”
তবে একই সময়ে সোশ্যাল মিডিয়ার একাংশে তীব্র সমালোচনাও দেখা যায়। অনেকেই অভিযোগ তোলেন, গেটস নাকি ভারতকে “পরীক্ষাগার” হিসেবে ব্যবহার করেন এবং ভারতীয়দের “ল্যাবের বিষয়বস্তু” হিসেবে দেখেন।
সামিটে বিশ্বনেতাদের উপস্থিতি
এই বিতর্কের মধ্যেই চার দিনের এআই সামিট এগোচ্ছে। এখানে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron) এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গাট্রেস (Antonio Guterres)-এর।
এছাড়াও প্রযুক্তি ও শিল্প জগতের শীর্ষ ব্যক্তিত্বদের মধ্যে থাকছেন স্যাম অল্টম্যান (Sam Altman) এবং মুকেশ আম্বানি (Mukesh Ambani)।