
শেষ আপডেট: 1 February 2024 10:30
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন বিগ বস ১১ -এর প্রতিযোগী। মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন রিয়েলিটি শোয়ের প্রাক্তন প্রতিযোগী তথা টেলিভিশন অভিনেত্রী। দিল্লির টিগরি থানায় দায়ের হয়েছে এফআইআর। তদন্তে নেমেছে পুলিশ।
‘নির্যাতিতা’ ওই অভিনেত্রীর অভিযোগ, তাঁর এক বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। সেখানেই পার্টি চলাকালীন তাঁকে মাদক খাওয়ানো হয়। সংজ্ঞা হারানোর পর ওই বন্ধু তাঁকে ধর্ষণ করেন। বুধবার এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ২০২৩ সালের। ‘বিগ বস’ খ্যাত ওই অভিনেত্রী দক্ষিণ দিল্লিতে এক বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানে তাঁর অজান্তেই পানীয়তে মাদক মিশিয়ে দিয়েছিল অভিযুক্ত। সেই পানীয় পান করার পরই তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এরপর ওই বন্ধু তাঁকে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন অভিনেত্রী।
যাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাঁর সঙ্গে ২০২২ সাল থেকে বিগবস প্রতিযোগীর আলাপ। অভিনেত্রীর বয়ান অনুযায়ী, একাধিকবার বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিযুক্ত। এমনকী অভিনেত্রীর অশ্লীল ছবি নিয়ে অভিযুক্ত ব্ল্যাকমেইল করেছেন বলেও দাবি করেছেন তিনি। এদিকে ২০২৩ সালে ঘটা ঘটনায় এতদিন তিনি কেন চুপ ছিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিনেত্রীর বয়ান মোতাবেক এক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণ) এফআইআর দায়ের করা হয়েছে। আসল বিষয়টা কী, ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অভিযোগকারিনী। অভিনেত্রীর নাম সামনে না এলেও, জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ওই অভিনেত্রী মডেলিং-এর পাশাপাশি টেলিভিশনে অভিনয় করেন।