
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 September 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো: রবিবার টিকিট কেটেই মিউজিয়ামে ঢুকেছিলেন। সোমবার বন্ধ থাকে। নজর এড়িয়ে চুরি করা যাবে এই ভাবনা নিয়ে সারা রাত সিঁড়ির তলায় ঘাপটি মেরে বসে ছিল চোর। শেষ রক্ষা হয়নি, ১৫ কোটির টাকার প্রত্নসামগ্রী-সহ পুলিশের হাতে ধরা পড়ল চোর।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল স্টেট মিউজিয়ামে। বিনোদ নামে ওই চোরের মূল উদ্দেশ্য ছিল রবিবার জাদুঘরে ঢুকে সোমবার পালাবে। ততক্ষণে গুপ্ত, মুঘল এবং নবাব আমলের প্রত্নসামগ্রী খোয়া গেছে বলে কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে। সেই মতো শহরের সমস্ত ঢোকা-বেরনোর পথ আটকে দেওয়া হয়। অন্যদিকে পালানোর সময় বিনোদ মিউজিয়ামের বাইরে কড়া নিরাপত্তা দেখে ২৫ ফুট পাঁচিল টপকে বেরোতে যায়। পরিকল্পনা সম্ভব হয়নি। সেখানেই ঝোপের ধারে পড়ে যায় সে।
পুলিশের তিন জনের তদন্তকারী দল মিউজিয়ামে খোঁজ শুরু করলে বিনোদকে পাঁচিলের ধারের এক ঝোপ থেকে উদ্ধার করে। সেখানেই তার সঙ্গে থাকা ব্যাগ থেকে চুরি যাওয়া প্রায় একশোটা মুদ্রা ও মেডেল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ৪৯ বছর বয়সী বিনোদ গয়ার বাসিন্দা। সোমবার অভিযুক্ত পাঁচিল টপকাতে গিয়ে পড়ে যায়। তাতে তার শরীরে গুরুতর আঘাত লাগে। আর পালানোর পথ পায়নি সে। মঙ্গলবারই তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র প্রাথমিক অনুমান, চুরি হওয়া ওই প্রত্নসামগ্রীর মূল্য ১২ থেকে ১৫ কোটি টাকা। বিনোদের সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে ছ'জন পুলিশের একটি সিট গঠন করা হয়েছে ইতিমধ্যেই।