ভারত রাষ্ট্র সমিতির ‘মালিক’ তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দলের নীতিশৃঙ্খলা ভঙ্গের জন্য বিধান পরিষদের সদস্য কে কবিতাকে মঙ্গলবার সাসপেন্ড করেন।

বেশ কিছুকাল ধরে বিআরএস অভ্যন্তরীণ সমস্যায় ভুগছিল।
শেষ আপডেট: 2 September 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: দলবিরোধী কাজের জন্য নিজের মেয়েকেই সাসপেন্ড করলেন বাবা। ভারত রাষ্ট্র সমিতির ‘মালিক’ তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দলের নীতিশৃঙ্খলা ভঙ্গের জন্য বিধান পরিষদের সদস্য কে কবিতাকে মঙ্গলবার সাসপেন্ড করেন। দলের এই বৈঠকে, যেখানে খোদ উপস্থিত ছিলেন কেসিআর, সেখানেই কবিতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের সভাপতি কেসিআর এদিন বৈঠকে মেয়ে কবিতার সাম্প্রতিক মন্তব্য ও কাজকর্মকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, কবিতার যাবতীয় আচরণ দলের নীতি ও শৃঙ্খলার পরিপন্থী। সে কারণে তাঁকে শৃঙ্খলাভঙ্গের অপরাধে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। এখন থেকেই তা চালু হবে।
এমনিতেই বেশ কিছুকাল ধরে বিআরএস অভ্যন্তরীণ সমস্যায় ভুগছিল। এই অবস্থায় কবিতার সাসপেনশন দলকে আরও বুক জলে ঠেলে দিল বলে মনে করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বিআরএসের মধ্যে টালমাটাল পরিস্থিতি চলছে। গত সোমবার কে কবিতা দলেরই নেতাদের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি খোলাখুলি বলেন যে, দলের কিছু নেতার কারণেই তাঁর বাবা কেসিআরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
কবিতা এজন্য প্রবীণ নেতা টি হরিশ রাও এবং প্রাক্তন এমপি মেঘা কৃষ্ণ রেড্ডিকে কাঠগড়ায় তোলেন। এঁদের দুজনের বিরুদ্ধে সরাসরি বলেন, এঁরা সকলে মিলে বাবার গায়ে দুর্নীতির লেবেল সেঁটে দেওয়ার জঘন্য খেলা খেলছেন। হরিশ রাও এবং সন্তোষ কুমার নামে নেতারা তাঁকে দলে পিছন দিকে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ তোলেন প্রাক্তন এমপি কবিতা।