
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 November 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে আত্মঘাতী মহিলা। মৃত্যুর আগে ১১ পাতার সুইসাইড নোটে লিখে গেলেন, সিআইডি-র একজন আধিকারিক তাঁকে সবার সামনে মানসিক হেনস্থা করেছেন। পোশাক ছিঁড়ে দিয়েছেন। এমনকি তাঁর থেকে ২৫ লক্ষ টাকা ঘুষও চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতা কর্ণাটকের ভোভি ডেভেলপমেন্ট কর্পোরেশনের দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন।
বনশঙ্করি পুলিশ ইন্সপেক্টর পি কোত্রেশ জানিয়েছেন, পদ্মনাভনগরের বাসিন্দা এস জিভা একাই থাকতেন। তাঁর ছোট বোন কর্মসূত্রে ম্যাঙ্গালুরুতে ছিলেন।
বোনের কথায়, 'শুক্রবার ভোরে দিদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু পাইনি। উদ্বিগ্ন হয়ে, দিদির বন্ধুকে ফোন করি। বলি দিদির ঘরে গিয়ে যেন খোঁজ নেয়। দরজা ধাক্কা দিতেও, খুলছে না দেখে দিদির ওই বন্ধুর সন্দেহ হয়। তখনই প্রতিবেশী ও পুলিশকে খবর দেয় সে। পরে ঘরে ঢুকে তারা দিদির দেহ উদ্ধার করে।
২০২১-২২ সাল নাগাদ ভোভি ডেভেলপমেন্ট কর্পোরেশনের দুর্নীতির ঘটনা সামনে আসে। সেই ঘটনায় মৃত মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। চলতি বছরের শুরুতে দুর্নীতি তদন্তের ভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্তকারীরা মনে করছেন, সেই সুযোগ নিয়েই হয়তো মৃতাকে হেনস্থা করা হচ্ছিল।
পুলিশ জানাচ্ছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত সিআইডি আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটা জানার চেষ্টা চালাচ্ছেন তারা।