রিল বানানোর নেশায় নানারকম উদ্ভট ঘটনা আগেও সামনে এসেছে। তবে বেঙ্গালুরুর এবারের ঘটনা যে সব কিছুকেই প্রায় ছাপিয়ে গেল সে আর বলার অপেক্ষা রাখে না। রীতিমতো চমকেছে সোশ্যাল মিডিয়া।

সিসিতটিভি ফুটেজের সেই দৃশ্য
শেষ আপডেট: 18 March 2026 13:32
দ্য ওয়াল ব্যুরো: রিল বানানোর নেশায় ট্রেনের নীচে শুয়ে পড়া বা ব্রিজের মাথায় উঠে পড়ার মতো নানারকম উদ্ভট ঘটনা আগেও সামনে এসেছে। তবে এবারের ঘটনা যে সব কিছুকেই প্রায় ছাপিয়ে গেল সে আর বলার অপেক্ষা রাখে না। বেঙ্গালুরুর ঘটনায় রীতিমতো চমকেছে সোশ্যাল মিডিয়া।
পরিবারের সদস্যরা মিলে নাকি এক বৃদ্ধকে বস্তার মধ্যে ভরে কুরিয়ারে পাঠানোর চেষ্টা করেছেন (Bengaluru courier stunt viral video)! ঘটনাটি পরে রিল বানানোর জন্য নিছক 'স্টান্ট' বলে দাবি করা হলেও, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায় (Bengaluru elderly man courier incident viral)।
কুরিয়ার অফিসে সন্দেহজনক বস্তা
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ব্যালিকাভাল এলাকায়, মঙ্গলবার দুপুরে।
একটি পরিবারের পাঁচজন সদস্য স্থানীয় একটি কুরিয়ার সংস্থার অফিসে গিয়ে একটি বস্তা পাঠানোর অনুরোধ করেন। কিন্তু বস্তার ভিতরে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেন কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁরা সেটি খুলে দেখেন, আর তাতেই চমকে ওঠেন সকলে।
বস্তার ভিতরে ছিলেন এক বৃদ্ধ, যিনি শ্বাস নিতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান অফিসের কর্মীরা। কিন্তু অবাক করার বিষয়, তাতেও দমেননি ওই পরিবারের সদস্যরা। বরং তাঁরা জোর করেই বৃদ্ধকে কুরিয়ারে পাঠানোর চেষ্টা চালিয়ে যান। এমনকি অতিরিক্ত টাকাও দেওয়ার প্রস্তাব দেন।
এর ফলে কর্মীদের সঙ্গে তাঁদের তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝে কুরিয়ার অফিসের কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ আসছে শুনেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরিবারটি।
পরে ক্ষমা, ‘রিল’-এর জন্যই স্টান্ট!
পরে ওই পরিবার সামনে এসে গোটা ঘটনাকে “সোশ্যাল মিডিয়া রিল”-এর জন্য সাজানো বলে দাবি করে। তাঁদের বক্তব্য, রমজান ও উগাদির সময় বাস ও বিমানের ভাড়া বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরতেই তারা এমন কাজ করেছে।
তাঁদের কথায়, “আমরা বুঝতে পারিনি যে, এটা ভুল কাজ। আমাদের ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।” পাশাপাশি, অন্য কাউকে এমন বিপজ্জনক স্টান্ট না করার জন্যও আবেদন জানিয়েছে পরিবারটি।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে এসেছে পুলিশের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
একটি ‘রিল’-এর জন্য একজন বৃদ্ধের জীবনকে ঝুঁকির মুখে ফেলা, তা যতই “স্টেজড” বলা হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় বারবার প্রশ্ন উঠছে মানবিকতা এবং দায়িত্ববোধ নিয়ে।