.jpeg)
আগুনের ছবি
শেষ আপডেট: 24 February 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রেমিকার (Ex Girlfriend) ফ্ল্যাটে গিয়ে তাঁর গাড়ি-বাইকে আগুন (Fire) লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
শনিবার মাঝরাতে দক্ষিণ বেঙ্গালুরুর (Bengaluru) সুব্রহ্মণ্যপুরা থানা এলাকায় অ্যাপার্টমেন্টের নীচে দাউদাউ করে গাড়ি জ্বলতে দেখে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। চিৎকার চেঁচামেচিতে আবাসন থেকে ঘুম চোখেই নেমে আসেন বাসিন্দারা।
ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। যুবকের নাম রাহুল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রতিহিংসা থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এও খবর, ২০২২ সালে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করার সময় রাহুলের উপর গুলিও চালানো হয়েছিল।
ঘটনার রাতে রাহুল তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে বাইকে করে প্রাক্তন বান্ধবীর বাবার বাড়িতে যান। সেখানে পৌঁছে তরুণীর বাবার নাম ধরে চিৎকার শুরু করেন। দু'জনের মধ্যে সম্পর্ক ভাঙতে তরুণীর বাবাকেই দোষারোপ করতে থাকেন যুবক।
চিল চিৎকার করার পরও কেউ নীচে না নামায় রাগের চোটে রাহুল পার্কিং লটে গিয়ে প্রাক্তন বান্ধবীর বাবার বাইকে আগুন ধরিয়ে দেন। সেখান থেকে রাহুন আসেন আরেহাল্লিতে। সেখানে মায়ের সঙ্গে একটি বহুতলে থাকেন তাঁর প্রাক্তন প্রেমিকা। ওই বহুতলের বেসমেন্টে গিয়ে প্রাক্তনের মায়ের গাড়িতেও আগুন লাগিয়ে দেন তিনি।
আগুন দেখতে পেয়েই এক নিরাপত্তারক্ষী রাহুলকে ধরতে ধেয়ে আসেন। কিন্তু ওই নিরাপত্তাকর্মীর উপর হামলা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ও তাঁর সঙ্গী। এই ঘটনার জেরে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা রজু করেছে পুলিশ।