
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 2 December 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: সম্ভলে যেতে চান উত্তর প্রদেশ কংগ্রেসের নেতারা। জানতে পেরে লখনউয়ে প্রদেশ কংগ্রেস অফিস নেহরু ভবন রবিবার রাত থেকে ঘিরে রেখেছে পুলিশ। ভিতরে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই সহ একাধিক নেতা।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ লখনউের একাংশে। পাল্টা ভিড় জমিয়েছে কংগ্রেস সমর্থকেরা। অজয় রাইয়ের বক্তব্য কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি ছাড়া কর্মসূচি বাতিল করবেন না।
গত সপ্তাহে রাজ্যের বিরোধী দলনেতা সমাজবাদী পার্টির নেতা মাতাপ্রসাদ সিংকে সম্ভলে যেতে দেয়নি যোগী আদিত্যনাথের সরকার। গোটা সম্ভল জেলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা (আগের ১৪৪) বলবৎ আছে প্রায় দিন দশ হয়ে গেল।
বিরোধীদের বক্তব্য, একদিকে সরকার সম্ভলের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছে। অন্যদিকে, বিরোধীদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। জুমার নমাজ ছাড়া বাকিদিন মসজিদে প্রবেশাধীকার নিষিদ্ধ করা হয়েছে। বিরোধী দলগুলির বক্তব্য, হিন্দুদের দাবি কতটা সঙ্গত বিরোধীদের তা খতিয়ে দেখার অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই রবিবার সন্ধায় লখনউয়ের নেহরু ভবনে পৌঁছে যান। সোমবার ভোর রাতে তাঁর গাড়িতে সম্ভল পৌঁছানোর কথা ছিল। খবর পেয়ে রবিবার রাতেই পুলিশ প্রদেশ কংগ্রেস অফিসের দখল নেয়। নোটিস ধরিয়ে বলা হয়েছে, সম্ভলে যাওয় যাবে না।
পশ্চিম উত্তর প্রদেশের সম্ভল শহরের জামা মসজিদকে হরিহর মন্দির বলে দাবি করেছে হিন্দু পক্ষ। সেই দাবির প্রেক্ষিতে আদালত একতরফা জরিপের নির্দেশ দিয়ে দেওয়ায় বিতর্ক তুঙ্গে উঠেছে। সাম্প্রদায়িক অশান্তির জেরে এখনও পর্যন্ত চারজন নিহত হয়েছেন।