
শেষ আপডেট: 23 July 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রমে স্বাভাবিক হচ্ছে। গত দু’দিন দেশে বড় ধরনের গোলমাল, প্রাণহানির ঘটনা নেই। সেনা বাহিনী জানিয়েছে, আর এক-দু’দিনের মধ্যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে তাঁরা মনে করছে। সরকারি চাকরির আগের কোটা বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা মেনে মঙ্গলবারের মধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর।
বাংলাদেশ সরকার যখন আন্দোলনের মুখে সরকারি চাকরিকে মুক্তিযোদ্ধা কোটার সিংহভাগ এবং মহিলা এবং পিছিয়ে পড়া জেলার পুরোটাই প্রত্যাহার করে নিচ্ছে তখন ভারতে সংরক্ষণ বাঁচাতে পথে নামছেন সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। ২৫ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে ৭ অগাস্ট পর্যন্ত দেশে সংরক্ষণ রক্ষার দাবিতে পদযাত্রা করবে তাঁর বঞ্চিত বহুজন আগাড়ি ফাউন্ডেশন।
আগামী নভেম্বরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। কাছাকাছি সময় ভোট হবে হরিয়ানা এবং ঝাড়খণ্ডে। দু’বারের প্রাক্তন সাংসদ প্রকাশ তাঁর পদযাত্রা আপাতত মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ রাখলেও তাঁর সংগঠন গোটা দেশেই ওই সময় নানা ধরনের কর্মসূচির আয়োজন করতে চলেছে।
‘জয় ফুলে-জয় শাহু-জয় ভীম’ শীর্ষক পদযাত্রার মূল উদ্দেশ্য তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি বা অন্যান্য অনুন্নত শ্রেণির সংরক্ষণ বাঁচানো। বি আর আম্বেদকরের আগে মহারাষ্ট্র এবং লাগোয়া রাজ্যে সামাজিক ন্যায় ও সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা জ্যোতিবা ফুলে, সাবিত্রী ফুলে এবং রাজশ্রী ছত্রপতি শাহু।
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে মহারাষ্ট্র-সহ ভারতের সর্বত্রই সামাজিক মাধ্যমে এ দেশেও সংরক্ষণ তুলে দেওয়ার দাবি ওঠে সমাজমাধ্যমে। ঘটনাচক্রে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস ঠিক উল্টো কথা বলে ভোটে যথেষ্ট সাফল্য অর্জন করে। সংরক্ষণ বাঁচানোর স্লোগান সাধারণ মানুষের মনে ধরে সংরক্ষণ বাঁচানোর তাগিদ থেকেই।
এর উল্টো পিঠে পশ্চিমবঙ্গে হাই কোর্ট সম্প্রতি ওবিসি কোটা বিলোপ করে দিয়েছে। রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওবিসি কোটা বাঁচাতে রাজ্য সরকার আইনি লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা।। রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ শতাংশ পদ অন্যান্য অনুন্নত শ্রেণির জন্য সংরক্ষিত। হাই কোর্ট বলেছে, সংরক্ষণের পদ্ধতি ঠিকঠাক অনুসরণ করা হয়নি।
অন্যদিকে, মহারাষ্ট্রে একদিকে মারাঠা সম্প্রদায় তাদের ওবিসি ঘোষণার দাবিতে সরব, অন্যদিকে, ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন প্রায় ৫৮ লাখ মানুষের নামে ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে বলে অভিযোগ। একই অভিযোগ আছে বাংলাতেও। প্রকাশ আম্বেদকর যে আন্দোলন শুরু করতে যাচ্ছেন তাতে ভুয়ো সার্টিফিকেট বাতিলের ইস্যুটিও আছে।