
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 February 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই দিল্লি বিধানসভা ভোটে জয়জয়কার হয়েছে বিজেপির। ২৭ বছর পর রাজধানী শহরের দায়িত্ব নিতে চলেছে নরেন্দ্র মোদীর দল। আম আদমি পার্টির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। রবিবার সকালেই তিনি লেফট্যানেন্ট গভর্নর ভিকে সাক্সেনার হাতে পদত্যাগপত্র তুলে দেন।
আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর গতবছরের সেপ্টেম্বর মাসে নয়া দায়িত্ব গ্রহণ করেছিলেন অতিশী। তবে দিল্লি বিধানসভা ভোটে দল হারলেও কালকাজি বিধানসভা থেকে নিজের মান বাঁচিয়েছেন অতিশী৷ বিজূ প্রার্থী রমেশ বিধূড়িকে ৩ হাজার ৪২১ ভোটে পরাজিত করেছেন।
এদিন সকাল ১১টা নাগাদ তিনি পদত্যাগপত্র জমা দেন। রাজভবনে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে।
Hon’ble Lt Governor, Shri VK Saxena today recieved the resignation of Hon’ble CM, Ms Atishi. He asked her to continue in her position till the formation of the new government. pic.twitter.com/tHHBCMKL3E
— Raj Niwas Delhi ???????? (@RajNiwasDelhi) February 9, 2025
দিল্লির ৭০ আসনের বিধানসভায় ৪৮টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ২২ টি আসন পেয়েছে আম আদমি পার্টি। এদিন নিয়ম মেনেই অতিশী তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার পর তিনি আপ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে দিল্লিতে সরকার গঠনের দাবি জানাতে পারে বিজেপি। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপির অন্দরে তা নিয়ে চর্চা শুরু হলেও চূড়ান্ত নাম জানানো হয়নি।
শুধু অতিশী নন, এদিন সকালেই দিল্লির লেফট্যানেন্ট গভর্নরের সঙ্গে দেখা করেন প্রবেশ বার্মা। এবারের নির্বাচনে নিউ দিল্লি কেন্দ্রে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল তাঁর কাছেই পরাজিত হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁর নাম নিয়ে চর্চা চলছে।