
ফাইল চিত্র
শেষ আপডেট: 9 February 2025 11:02
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নির্বাচনের ফলাফল, আপের মধ্যে নানা অস্বস্তি তৈরি করেছে। একদিকে, দলের নেতৃস্থানীয় সদস্যরা যেমন কেজরিওয়াল ও সিসোদিয়া পরাজিত হয়েছেন, অন্যদিকে আতিশী মারলেনা তাঁর নিজের কেন্দ্রে জয়ী হয়েছেন। দিল্লির কালকাজী কেন্দ্র থেকে আতিশী, যিনি ছিলেন দলের কনিষ্ঠতম বিদায়ী মুখ্যমন্ত্রী, বিজেপির রমেশ বিধুড়ীকে পরাজিত করেন। তবে তাঁর এই জয় আপের জন্য কিছুটা আশা জাগালেও, দলের অন্দরেই বিরোধী মতামত দেখা যাচ্ছে।
কেজরিওয়াল ও সিসোদিয়ার পরাজয় দলের জন্য বড় ধাক্কা হলেও, আতিশী তাঁর জয়কে বেশ ভালভাবেই উদযাপন করেছেন। নির্বাচনের ফল প্রকাশের পর, দলের একাংশ মনে করছেন, বড় নেতারা হারলেও আতিশী তাঁর জয় ধরে রেখে দলের সম্মান বাঁচিয়েছেন। তবে, জয়ী হওয়ার পর আতিশী দলের কর্মীদের সঙ্গে নাচতে দেখা যায়, যা দলের অন্দরেই বিতর্কের সৃষ্টি করেছে।
এদিকে, আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল আতিশীর নাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘দল হেরেছে, দলের প্রধান নেতারাও পরাজিত হয়েছেন, আর আতিশী এমন কাণ্ড করছেন!’ তাঁর এই মন্তব্য দলের মধ্যে আরও বিভাজন তৈরি করেছে।
ये कैसा बेशर्मी का प्रदर्शन है ? पार्टी हार गई, सब बड़े नेता हार गये और Atishi Marlena ऐसे जश्न मना रही हैं ?? pic.twitter.com/zbRvooE6FY
— Swati Maliwal (@SwatiJaiHind) February 8, 2025
এক কথায় আতিশীর জয়ের এমন বহিঃপ্রকাশকে মোটেই সহজ ভাবে দেখছেন না তিনি। দলের একাংশ আতিশীর এই উদযাপনকে ‘নির্লজ্জতা’ হিসেবে দেখছেন, তবে অন্যরা মনে করছেন, এটি তাঁর বিজয়ের আনন্দ।