১৫ জুলাই মহাকাশ মিশন সম্পূর্ণ করে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি।

শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 21 August 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (Space mission) পদচিহ্ন রাখা প্রথম ভারতীয়, মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে ইতিমিধ্যেই ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম জ্বলজ্বল করছে (Shubhangshu Shukla)। ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে আগেই ফিরেছেন তিনি। কয়েকদিন আগেই নিজের দেশ ভারতে পা রেখেছেন। এবার অ্যাক্সিয়ম-৪ মিশনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন শুভাংশু শুক্লা।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাওয়া অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম এক অমূল্য সম্পদ।
শুভাংশু বলেন, “আমি প্রত্যেক দেশবাসীকে ধন্যবাদ জানাই। সবাই এমনভাবে এই মিশনকে নিজের করে নিয়েছিলেন যে, আমার সত্যিই মনে হয়েছিল এটি গোটা জাতির মিশন। এ শুধু আমার নয়, ভারতের মিশন।”
মহাকাশ থেকে ভারতের সৌন্দর্যের কথা উল্লেখ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “...ভারত আজও মহাকাশ থেকে সবচেয়ে সুন্দর দেখায়। জয় হিন্দ, জয় ভারত।”
অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশযাত্রা করলেন। তিনি রবিবার (১৭ আগস্ট) দিল্লি বিমানবন্দরে ফিরে আসেন, যেখানে তাঁকে উচ্ছ্বাসে ভরপুর এক উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
মহাকাশ থেকে শুভাংশু জানিয়েছিলেন, “এখানে থাকতে পারা এক বিশাল সৌভাগ্যের বিষয়। যা কল্পনা করেছিলাম, বাস্তবে তা আরও অবাক করছে আমাকে। চারপাশের দৃশ্য তো অসাধারণ বটেই, কিন্তু তার থেকেও বেশি মুগ্ধ হয়েছি আমার সহযাত্রীদের আন্তরিকতা দেখে। এই ১৪ দিন বৈজ্ঞানিক গবেষণা চলবে, প্রযুক্তি পরীক্ষার এক চমৎকার অভিজ্ঞতা অর্জন করব আমরা।”
১৫ জুলাই মহাকাশ মিশন সম্পূর্ণ করে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি। তবে সেই সময় ফিরেছিলেন আমেরিকায়। সেখান থেকেই রবিবার ভোরে দিল্লিতে নামলেন এই ইতিহাস সৃষ্টিকারী বায়ুসেনা আধিকারিক। জাতীয় পতাকা হাতে উপস্থিত সাধারণ মানুষের ভিড় যেন মুহূর্তে উৎসবে পরিণত হয়েছিল সেইদিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁর পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা-সহ বহু মানুষ।