ইসরোর তরফে জানানো হয়েছে, মিশনের আগে থেকেই ড. নারায়ণন নিয়মিত শুভাংশুর সঙ্গে যোগাযোগ রেখে তাঁকে প্রয়োজনীয় দিকনির্দেশ ও মানসিক প্রস্তুতির বিষয়ে সাহায্য করে এসেছেন।

শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 7 July 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকা ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) সম্প্রতি ফোনে কথা বলেছিলেন ভারতের মহাকাশ সংস্থা ইসরোর (ISRO) প্রধানের সঙ্গে। ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের অংশ হিসেবে স্পেস স্টেশনে গেছেন শুভাংশু। তাঁর সঙ্গে ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণনের (D. V Narayanan) কী কথা হল?
সূত্র মারফৎ জানা গেছে, এই টেলিফোনিক কথোপকথনের মূল বিষয় ছিল - শুক্লার শারীরিক অবস্থার খোঁজখবর এবং মিশনের অধীনে বর্তমানে যে বৈজ্ঞানিক পরীক্ষাগুলি চলছে, তা নিয়ে আলোচনা। ইসরো চেয়ারম্যান এই সমস্ত পরীক্ষার প্রতিটি ধাপ নিখুঁতভাবে নথিভুক্ত করার উপর জোর দেন। তিনি জানান, এই গবেষণাগুলির ফলাফল আগামী দিনে ভারতের মহাকাশ অভিযান, বিশেষ করে গগনযান কর্মসূচির অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গগনযান মিশনের লক্ষ্য ভারতের নিজস্ব ক্ষমতায় কোনও মানুষকে মহাকাশযানে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো। এই দিক থেকে 'অ্যাক্সিয়ম-৪ মিশন'কে শেখার একটি বড় সুযোগ হিসেবে দেখছে ইসরো।
এই টেলিফোনিক কলে ছিলেন ইসরোর একাধিক শীর্ষ কর্মকর্তাও। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর ড. উন্নিকৃষ্ণন নায়ার, লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টারের ডিরেক্টর এম মোহন এবং ইসরো ইনর্শিয়াল সিস্টেমস ইউনিটের ডিরেক্টর পদ্মকুমার ই এস। তাঁরা শুভাংশুর সঙ্গে নানা বৈজ্ঞানিক পরীক্ষা ও মিশনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
এই কথোপকথনে শুভাংশু মহাকাশে চালানো বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার অগ্রগতি, চ্যালেঞ্জ ও উদ্দেশ্য নিয়ে বিশদে জানান। পাশাপাশি ইসরো এবং চেয়ারম্যান ভি নারায়ণনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুক্লা বলেন, মিশনের আগে নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ ও উৎসাহ পাওয়াই তাঁকে এই যাত্রায় আত্মবিশ্বাস জুগিয়েছে।
ইসরোর তরফে জানানো হয়েছে, মিশনের আগে থেকেই ড. নারায়ণন নিয়মিত শুভাংশুর সঙ্গে যোগাযোগ রেখে তাঁকে প্রয়োজনীয় দিকনির্দেশ ও মানসিক প্রস্তুতির বিষয়ে সাহায্য করে এসেছেন।