অসমের ডিমা হাসাও জেলার বাউলসল জলপ্রপাতে পড়ে নিখোঁজ তিন NIT শিলচর ছাত্রের মধ্যে এক জনের দেহ উদ্ধার হয়েছে। পিকনিকের সময় দুর্ঘটনায় আতঙ্ক। চলছে উদ্ধার অভিযান।

ফাইল চিত্র
শেষ আপডেট: 9 November 2025 08:51
দ্য ওয়াল ব্যুরো: অসমের পাহাড়ে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ডিমা হাসাও জেলার বাউলসল জলপ্রপাতে পড়ে নিখোঁজ এনআইটি শিলচরের তিন ছাত্র। শনিবার দুপুরে পিকনিকের সময় ঘটে এই দুর্ঘটনা। এক ছাত্র জলে পড়ে গেলে তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও দু’জনও গভীর স্রোতে তলিয়ে যায়। পরে এক জনের দেহ উদ্ধার হলেও, বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে জানা যায়, মোট সাতজন ছাত্র শনিবার এনআইটি শিলচর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত বাউলসল জলপ্রপাত (Boulsol waterfall)-এ পিকনিকে গিয়েছিলেন। দুপুর ২টা নাগাদ তাদের মধ্যে একজন জলে পড়ে গেলে, বাকি দু'জন তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, উদ্ধার করতে গিয়ে তারাও জলে ডুবে যান।
নিখোঁজ হওয়া এই তিনজনের পরিচয় নিশ্চিত করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT), শিলচর কর্তৃপক্ষ। নিখোঁজ ছাত্রছাত্রীরা হলেন, সর্বরকৃতি (২০) উত্তর প্রদেশের বাসিন্দা (উদ্ধার হওয়া দেহ)। রাধিকা (১৯) বিহারের বাসিন্দা। (এখনও নিখোঁজ), সৌহার্দ রাই (২০) উত্তর প্রদেশের বাসিন্দা। (এখনও নিখোঁজ)।
ঘটনা জানার পরেই পুলিশ দ্রুত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF)-এর সহায়তায় নিখোঁজদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
কয়েকদিন আগেই পাহাড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন৷ ৪ অক্টোবর ভোররাতে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে সিকিম থেকে কালিম্পংয়ে ফিরছিল একটি যাত্রীবাহী গাড়ি৷ মেল্লিতে কিরনে এলাকার কাছে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ মিটার গভীর তিস্তার খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলে মৃত্যু হয় চালক-সহ ৪ জনের৷ আহত হন আরও ৩ জন৷