পাকিস্তানি মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে দুই পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে কোনও সংঘর্ষ বাধলে ফিল্ড মার্শালের ইচ্ছা ভারতের একেবারে ভিতরে আঘাত হানার।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 4 August 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে ফের যুদ্ধের হুমকি পাকিস্তানের। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভয়ঙ্কর আকাঙ্ক্ষার কথা ফাঁস করে দিলেন সেনা মুখপাত্র তথা মুনিরের অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী। পাকিস্তানি মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে দুই পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে কোনও সংঘর্ষ বাধলে ফিল্ড মার্শালের ইচ্ছা ভারতের একেবারে ভিতরে আঘাত হানার। ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য ইকনমিস্ট’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ চৌধুরি বলেন যে, সেনাপ্রধান মুনির চান ভারতকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে।
সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান বদল না হওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনা নয়, নয়াদিল্লির এই সিদ্ধান্তের কারণে ইসলামাবাদও দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন রয়েছে বলে তিনি জানান। তাঁর কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনও জঙ্গিহানা হলে অপারেশন সিঁদুরের মতোই দ্রুত সেনা অভিযান হবে। এর জবাবে তৃতীয় কোনও দেশের নামোল্লেখ না করেও জেনারেল চৌধুরি বলেন, পাকিস্তান এখন ভারতে পূর্বদিক থেকে আক্রমণ করবে।
এর বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পাক সেনা মুখপাত্র বলেন, আমরা পূর্বদিক থেকে আক্রমণ শুরু করব। ভারতকে বুঝিয়ে দেওয়া হবে যে, আমরা তাদের যে কোনও দিক থেকে আঘাত করতে পারি। আমরা সেটাই সমঝে দেব ওদের। তিনি আরও বলেন, পহলগামে জঙ্গিহানার কয়েকদিন আগে ১৬ এপ্রিল আসিম মুনির তাঁর ভাষণেই ভারত প্রসঙ্গে নিজের মনোভাব জোরালভাবে স্পষ্ট করে দিয়েছিলেন।
মুনির এক অনুষ্ঠানে ভারত বিরোধী উসকানি দিয়ে বলেছিলেন, হিন্দু ও মুসলিমরা মৌলিকভাবেই একে অপরের থেকে পৃথক ও বিপরীত। কাশ্মীরকে তিনি পাকিস্তানের কণ্ঠনালির মতো দেহের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বর্ণনা করেন। এই এলাকার মানুষ স্বাধীনতার জন্য যে লড়াই করছেন, তার পাশে থাকারও বার্তা দিয়েছিলেন মুনির। সেই ভাষণের কয়েকদিন পরেই পহলগামে ধর্ম বেছে বেছে ২৬ জনকে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা। ভারতে সম্প্রতি হিন্দু জাতীয়তাবাদের জাগরণের প্রশ্নে চৌধুরি বলেন, মুনির তাঁর ভাষণে বলেই দিয়েছেন, তিনি কোনদিকে রয়েছেন। যার জন্য তিনি শহিদ হতেও রাজি আছেন।