
পুরীর মন্দিরের ফাইল ছবি।
শেষ আপডেট: 20 September 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো: তিনদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির। শ্রীজগন্নাথ মন্দির কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ শনিবার থেকে ফের পুরীর মন্দিরের রত্নভাণ্ডারে সমীক্ষার কাজ শুরু করবে। তাই আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর অর্থাৎ শনি, রবি ও সোমবার দুপুরে মন্দির বন্ধ থাকবে।
মন্দির কর্তৃপক্ষের প্রধান এদিন জানান, শনিবার থেকে এএসআই ফের জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু করবে। যা চলবে তিনদিন। এএসআই দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করবে। তাই ওই সময়টিতে মন্দিরে ভক্ত যাতায়াতে নিয়ন্ত্রণ করা হবে। দুপুর ১টা থেকে ৬টা পর্যন্ত সব গেট বন্ধ থাকবে।
সূত্রে জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মন্দির কর্তৃপক্ষ এএসআইয়ের ডিরেক্টর জেনারেলকে লেখা এক চিঠিতে রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ সেপ্টেম্বরের ২৪ তারিখের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, সেপ্টেম্বর শেষ হলেই অর্থাৎ কার্তিক মাসের আগেই জগন্নাথদেবের কিছু প্রথামাফিক পুজোআচ্চা হয়। এছাড়া দশেরা উপলক্ষেও কিছু উপাচার হয়ে থাকে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সমীক্ষা কাজ শেষ করার অনুরোধ করা হয়েছিল।