
শেষ আপডেট: 30 October 2023 22:55
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং জেল খাটছেন। এবার কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি এই মামলায় তলব করল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে এই একই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরাও দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর ইডির সদর দফতরে তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লির আবগারি মামলায় একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই। এই মামলায় ইডির দ্বিতীয় চার্জশিটে নাম ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। তখনই আভাস পাওয়া গিয়েছিল, এবার কেজরিওয়ালকে ডাকতে পারে ইডি।
গত ১৬ এপ্রিল মদ কাণ্ডে কেজরিওয়ালকে ম্যারাথন জেরা করে সিবিআই। এই মামলায় আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে ইডি। এই মামলাতেই জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর কেজরিওয়াল সরকার দিল্লিতে নতুন আবগারি নীতি চালু করে। সেই নীতিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ, আপ সরকার আবগারি নীতি বদলে কিছু ব্যবসায়ীকে সুযোগ পাইয়ে দিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিবিআই তদন্তের নির্দেশ দেন। বিতর্কের মুখে পড়ে গত বছর নতুন আবগারি নীতি বাতিলও করে আপ সরকার।
বিরোধীদের বক্তব্য, নির্লজ্জভাবে রাজনৈতিক প্রতিহিংসা নিতে ইডি, সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্র।