
শেষ আপডেট: 8 February 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছেন। নয়াদিল্লি কেন্দ্র থেকে তাঁকে হারালেন বিজেপির প্রবেশ সিং বার্মা। জানা যাচ্ছে তাঁদের ভোটের ব্যবধান চার হাজারের ওপর।
অন্যদিকে, জংপুরা কেন্দ্র থেকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও হেরে গেলেন। এই কেন্দ্র থেকে বিজেপির তরবিন্দর সিং মারওয়া জিতে গিয়েছেন।
হারের পর আম আদমি পার্টির সেকেন্ড ইন কম্যান্ড বলেন, "দলের কর্মীরা লড়াই দিয়েছিল। আমরা সকলেই কঠিন পরিশ্রম করেছি। কিন্তু আমি মাত্র ৬০০ ভোটে হেরেছি। যিনি জিতেছেন, তাঁকে অভিনন্দন জানাই। আশা করি তিনি এই কেন্দ্রের উন্নয়নে কাজ করবেন।"
এর আগে পূর্ব দিল্লির পাটপরগঞ্জ থেকে টানা তিনবার জয়ী হওয়ার পর এবার জঙ্গপুরা থেকে লড়াইয়ে নেমেছিলেন মণীশ।
নির্বাচনী ফলাফলের গতিপ্রকৃতি জয়ের আভাস দিতে থাকায় বিজেপির সদর কার্যালয়ের সামনে শয়ে শয়ে সমর্থকরা এসে গিয়েছেন। ঢাকঢোল, কাড়ানাগাড়া বাজিয়ে নাচ, আতসবাজি পোড়ানো চলছে। চলছে লাড্ডু বিলি। গেরুয়া আবিরে রঙিন হয়ে গিয়েছে আকাশ। বিশাল বিশাল পতাকা নিয়ে অফিসের বাইরে কর্মীরা জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় স্লোগান দিচ্ছেন।
তিন দশক পর দিল্লি-দখল পদ্মের, হার কেজরি-সিসোদিয়ার। জানা যাচ্ছে, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহ সমর্থকদের উজ্জীবিত করতে, শুভেচ্ছ জানাতে বিজেপি অফিসে আসবেন।
দিল্লি বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করল মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি।