.webp)
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 18 April 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে যথেচ্ছভাবে আম এবং মিষ্টি খাচ্ছেন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর সুগারের ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর্জি জানিয়েছিলেন আম আদমি পার্টির সর্বাধিনায়ক কেজরিওয়াল। সেই আবেদনের বিরোধিতা করে ইডি বৃহস্পতিবার বলেছে, উনি তো রোজ আম এবং মিষ্টি খাচ্ছেন। আসলে সুগারের মাত্রা বাড়িয়ে জামিন পাওয়ার অছিলা করছেন উনি, বলেছে ইডি।
তিহার জেলে যাওয়ার পর আম আদমি পার্টি অভিযোগ তুলেছিল, মুখ্যমন্ত্রীর ওজন হু-হু করে কমে গিয়েছে। তাঁর যথাযথ চিকিৎসা ও দেখভাল হচ্ছে না। কেজরিওয়াল টাইপ টু ডায়াবেটিক রোগী। জেলেই তাঁর ওষুধপত্র দেওয়া হচ্ছে। ডাক্তাররাও রোজ তাঁর সুগার, প্রেসার পরীক্ষা করছেন। ওজনও বেড়েছে বলে জানিয়েছিল ইডি।
এদিন তদন্তকারী সংস্থা আদালতকে জানায়, সুগারের রোগীদের খাদ্যতালিকায় যা থাকা উচিত নয়, সেই আম ও মিষ্টি রোজই খাচ্ছেন কেজরিওয়াল। আসলে তিনি জামিনের জন্য জমি তৈরি করছেন। আদালতে ডায়েট চার্ট জমা দিয়ে ইডি বলেছে, উনি রোজ সেই সমস্ত খাবার খাচ্ছেন, যা খাওয়া ডায়াবেটিক রোগীদের উচিত নয়। আম-মিষ্টি ছাড়াও উনি চিনি দিয়ে চা খাচ্ছেন বলে আদালতে জানিয়েছে ইডি।
ইডির আইনজীবী এও বলেন, উনি আপাতত আদালতের হেফাজতে। তাই ওনার ভালোমন্দ আদালতেরই দেখা উচিত। কেজরিওয়ালের আইনি পরামর্শদাতারা বলেছেন, উনি সেই সমস্ত খাবারই খাচ্ছেন যা তাঁর ডাক্তার ডায়েট চার্টে লিখে দিয়েছেন। কেজরির আইনজীবীর অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা চাইছে যাতে ঘরে তৈরি খাবার তাঁর কাছে পৌঁছাতে না পারে। যে অনুমতি আগেই আদালত দিয়েছে।
আদালত এ পর্যন্ত শুনে শুক্রবার পর্যন্ত শুনানি মুলতুবি করে দিয়েছে। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল আদালতের কাছে অরবিন্দ কেজরিওয়াল একটি আবেদন করেন। তাতে তিনি বলেন, তাঁর সুগার ওঠানামা করছে। সে কারণে সপ্তাহে তিনবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে তাঁর ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে দেওয়া হোক।