ফাইল ছবি
শেষ আপডেট: 30 December 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। তার আগে সোমবার দিল্লিবাসীদের জন্য বড় ঘোষণা করলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। 'পূজারী গ্রন্থী সম্মান যোজনা'-য় মন্দিরের পূজারী এবং গুরুদ্বারের গ্রন্থী পদের জন্য প্রতিমাসে ১৮ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন তিনি।
সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জানিয়েছেন, ‘দেশে প্রথম এমন কিছু হচ্ছে। পুরোহিত এমন একটা শ্রেণি যাঁরা কোনও আচার-অনুষ্ঠানের ধারা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বয়ে নিয়ে যান। তাঁরা নিজেদের পরিবার-পরিজনকে সময় দেওয়ার সুযোগ পান না। আমরাও তাঁদের দিকে নজর দিই না।’
দিল্লি বিধানসভা নির্বাচনে আপ জিতলে এই প্রকল্প দ্রুত কার্যকর হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আপ প্রধান আরও জানিয়েছেন, এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে ৩১ ডিসেম্বর, অর্থাৎ মঙ্গলবার থেকেই। নিজে হনুমান মন্দির থেকে সেই কাজ শুরু করবেন।
आम आदमी पार्टी के जीतने पर दिल्ली में मंदिरों के पुजारियों और गुरुद्वारा साहिब के ग्रंथियों को ₹18,000 प्रति माह की सम्मान राशि दी जाएगी।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 30, 2024
ये योजना समाज में उनके आध्यात्मिक योगदान और हमारी सांस्कृतिक धरोहर को संरक्षित रखने के उनके प्रयासों का सम्मान है।
BJP वालों इसे रोकने की… https://t.co/rJZcOxV8PR
আপ প্রধানের এমন সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, কেজরিওয়াল যা ঘোষণা করছেন তা মূলত হিন্দুদের জন্য। মুসলিম ইমাম বা মসজিদের মোয়াজ্জেমদের জন্য কোনও ঘোষণা নেই। স্বাভাবিকভাবেই ভাতা ঘোষণার মধ্যে দিয়ে ভোটের আগে বিজেপি এবং কংগ্রেসকে ঘায়েল করতে কেজরিওয়াল যে মোক্ষম অস্ত্র ব্যবহার করলেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে আপ ঘোষণা করেছিল, মহিলাদের প্রতিমাসে ২১০০ টাকা করে দেবে রাজ্য সরকার। তার রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে, দিনকয়েক আগেই দলের তরফে ঘোষণা করেছিল, আগামী দফায় ফের তারা ক্ষমতায় এলে, সেখানকার ৬০, বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই নয়া প্রকল্পের নাম ভাবা হয়েছে সঞ্জীবনী যোজনা। যদিও ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট জেনারেল ভি কে সাক্সেনা।
কেজরিওয়ালের এই ঘোষণা দিল্লি বিজেপিকে বলে বলে দশ গোল দিল বলেই মত রাজনৈতিক মহলের। এদিন বিজেপিকে খোঁচা দিয়ে কেজরি বলেন, ‘আমি বিজেপিকে অনুরোধ করছি, রেজিস্ট্রেশনের কাজে যেন তারা বাধা না দেয়। পুরোহিতরা ভগবানের সঙ্গে আমাদের সেতু তৈরি করে। এই কাজে বাধা দেওয়া পাপের সমতুল্য হবে।’
দিল্লির বিধানসভা কেজরীর দল ইতিমধ্যেই দিল্লির ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। কেজরিওয়াল লড়ছেন নয়াদিল্লি আসনে।