
শেষ আপডেট: 23 January 2024 19:28
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট ঘিরে তলে তলে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বিজেপিকে ঠেকাতে অ-বিজেপি দলগুলি মিলে গড়েছে ইন্ডিয়া জোট। নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা প্রস্তুতির কাজও শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে আনুষ্ঠানিকভাবে ভোটের কথা এখনও ঘোষণা করেনি কমিশন।
এমন আবহে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের একটি 'নোট' ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যাতে সম্ভাব্য ভোটের তারিখ হিসেবে ১৬ এপ্রিলের উল্লেখ করা হয়েছে। তারপরই এই নিয়ে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
যদিও ভোট কবে হবে, তা নিয়ে কমিশনের তরফে এখনও স্পষ্ট কিছু না জানানো হলেও অফিসারদের ভা্ইরাল 'নোটটি'র মধ্যে বাস্তবতা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিকব পর্যবেক্ষকরা। কারণ, এর আগে ২০১৯ সালের লোকসভা ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। একাধিক পর্যায়ে ভোট হয়েছিল। ১৯ মে ভোট প্রক্রিয়া শেষ হয়। ফল প্রকাশ হয়েছিল ২৩ মে। তাই অফিসারদের সম্ভাব্য 'নোটে'র মধ্য বাস্তবতা দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Some media queries are coming referring to a circular by @CeodelhiOffice to clarify whether 16.04.2024 is tentative poll day for #LSElections2024
— CEO, Delhi Office (@CeodelhiOffice) January 23, 2024
It is clarified that this date was mentioned only for ‘reference’for officials to plan activities as per Election Planner of ECI.
দেশের লোকসভা ভোট নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের সিইও-র একটি চিঠি ভাইরাল হয়। যাতে অফিসারদের উদ্দেশে লেখা হয়েছে, 'অস্থায়ী হিসেবে ১৬ এপ্রিল ২০২৪ লোকসভা ভোটের জন্য নির্ধারণ করে এগোতে হবে।"
জানা যাচ্ছে, দিল্লির ১১টি জেলার অফিসারদের এই চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। যদিও এর কিছু পরেই দিল্লির সিইও অফিস থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, "নির্বাচনের কাজকর্ম পরিকল্পনার জন্য এটি একটি অস্থায়ী তারিখ হিসেবে অফিসারদের 'নোটে' উল্লেখ করা হয়েছিল।" লোকসভা ভোট কবে হবে, সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানানো হয় পোস্টে।
এক আধিকারিকের ব্যাখ্যা,"প্রতিটি নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই কমিশনের অভ্যন্তরে প্রস্তুতি শুরু হয়ে যায়। সেক্ষেত্রে ভোটের প্রস্তুতির কাজের জন্যই সম্ভাব্য একটি অস্থায়ী তারিখ ধরে এগোনো হয়। এবারেও সেরকমই একটা তারিখ দেওয়া হয়েছিল। এর সঙ্গে মূল নির্বাচনের কোনও সম্পর্ক নেই।"