
শেষ আপডেট: 28 February 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো: বিহারের পরদিনই অসম। প্রবীণ কংগ্রেস নেতা রানা গোস্বামী দলত্যাগ করলেন। তিনি অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং সদস্যপদ থেকে ইস্তফা দেন বুধবার। উজান অসমের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এই নেতা আগামী ৪ মার্চ বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রে জানা গিয়েছে। এদিনই তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং পরে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
গুঞ্জন শোনা যাচ্ছে, রানা পাঁজিপুথি দেখে ৪ মার্চ ১১টা ২৯ মিনিটে বিজেপিতে যোগ দেবেন। কারণ ওইদিনই শুভ এবং লগ্ন দেখে দিনক্ষণ স্থির করেছেন রানা। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল খবর পেয়ে তাঁকে ফোন করলেও তিনি তা ধরেননি।
ইস্তফার কারণ হিসেবে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেছেন রানা। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি দুই কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, যিনি কার্যকরী সভাপতি এবং তরুণ গগৈ মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী বসন্ত দাস বিজেপি সরকারকে সমর্থনের কথা ঘোষণা করেন। যদিও তাঁরা কংগ্রেস থেকে ইস্তফা দেননি। এছাড়াও কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিকি আহমেদও বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়েই সরকারপক্ষে যোগ দেন।