
শেষ আপডেট: 1 May 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে হামলার ঘটনায় ফুঁসছে দেশ। জঙ্গিদের নিকেশ করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। এই ঘটনায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে এই কদিনে। যদিও ঘটনার পর এই প্রথমবার এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানকে কড়া বার্তা দেন তিনি। এদিন অসমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় তিনি সাফ জানান, কাউকে ছেড়ে কথা বলা হবে না। যেখানেই থাক, খুঁজে খুঁজে বের করা হবে।
২২ এপ্রিল পহেলগামের বৈসরনে হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ছক কষে খুন করা হয় ২৬ জনকে। রেকি করে এমন জায়গা বেছে নেওয়া হয়, যেখানে সহজে নিরাপত্তাবাহিনী বা পুলিশ পৌঁছন সম্ভব নয়। ৪০ মিনিট ধরে গুলি চালানোর পর এলাকা ছাড়ে তারা। ঘটনা সামনে আসার পরই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে যান। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন।
এরপর বৃহস্পতিবার অর্থাৎ আজ অসমে গিয়ে দেশবাসীকে জঙ্গি দমনে আশ্বাস দেন অমিত শাহ। জানিয়ে দেন, হামলা করে কেউ রেহাই পাবে না। সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। মোদী সরকার কাউকে ছাড়বে না।
ঘটনার নৃশংসতা দেখে শিউরে উঠেছে দেশবাসী। আজও অনেকেই বিশ্বাস করতে পারেন না, এমনও হতে পারে? এই সূত্রেই পাকিস্তানকে কড় বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দৃঢ় প্রতিজ্ঞা, পহেলগামের হামলাকারীরা রক্ষা পাবে না। দেশ থেকে দূর করা হবে সন্ত্রাসবাদ। ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
এই সরকার যে আতঙ্কবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর মতো একথা মনে করিয়ে দেন তিনিও।
প্রসঙ্গত, ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার ডিজি পহেলগামে পৌঁছেছেন। তিনি খতিয়ে দেখছেন পরিস্থিতি। তাঁর সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠকও হয়েছে বলে খবর।