
কোনও নেতাকে ব্যক্তিগত মতামত জাহির না করার কথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 1 March 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: শশী তারুরকে নিয়ে বিতর্কের জলঘোলার মধ্যেই কেরল কংগ্রেসকে কারও নাম না করে দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিল হাইকমান্ড। প্রকাশ্যে কোনও নেতাকে ব্যক্তিগত মতামত জাহির না করার কথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বিধানসভা ভোটে কংগ্রেসের কৌশল রূপায়নের এই বৈঠকে তলব করা হয়েছিল শশী তারুরকেও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেরলের ওয়ানাড়ের এমপি প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ, কেরলের দায়িত্বপ্রাপ্ত কেসি বেণুগোপাল ও বিধান পরিষদীয় নেতা ভিডি সতীশন ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকে দলের নেতাদের হাইকমান্ড জানিয়ে দিয়েছে, শৃঙ্খলা বজায় রাখাই হবে প্রধান কাজ। ওই বৈঠকেই বেশ কয়েকজন কেরল কংগ্রেস নেতা অভিযোগ তোলেন যে, প্রদেশের কয়েকজন নেতা খোলাখুলি এমন সব কথা বলে চলেছেন যা দল বিরোধী। এর পরিপ্রেক্ষিতেই শশী তারুরের নাম না করলেও হাইকমান্ডের নির্দেশ, সকলকে শৃঙ্খলা মেনে চলতে হবে। দলবিরোধী ব্যক্তিগত মতামত মিডিয়ার সামনে বললে তা বরদাস্ত করা হবে না।
রাজ্য কংগ্রেসের কয়েকজন নেতা স্পষ্টতই শশী তারুরের একের পর এক মন্তব্যের বিরুদ্ধে ইঙ্গিত দিয়ে বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো কথাবার্তায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, তাঁদের এ জাতীয় মন্তব্যে রাজ্যের সিপিএম নেতৃত্বাধীন বামপন্থী সরকারের বিরুদ্ধে প্রচার চালাতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পার্টিকে। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে দেয় যে, কেউ যেন তাঁর মনের কথা প্রকাশ্যে না আনেন। বিশেষ মিডিয়ার সামনে যেন ব্যক্তিগত অভিমত প্রকাশ না করেন।
শীর্ষ নেতৃত্বের এ ধরনের সতর্কবার্তার প্রয়োজন হল এই কারণে যে, কয়েকদিন আগেই তিরুবনন্তপুরমের এমপি শশী তারুর মালয়ালম ভাষার একটি পডকাস্টে সাক্ষাৎকারে বলেন, জাতীয় ও রাজ্যস্তরে দলকে নতুন ভোটারদের আকর্ষণ করতে হবে। শুধুমাত্র কংগ্রেসি ঘরানার ভোটের দিকে তাকিয়ে থাকলে বিধানসভায় জেতা যাবে না। এছাড়াও তারুর একের পর এক লেখায় ও বক্তব্যে সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সরকারের ভূয়সী প্রশংসা করেন। যা নিয়ে রাজ্য কংগ্রেস শশী তারুরের উপর যারপরনাই ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে উঠেছে।
এই অবস্থায় পাল্টা শশী তারুরও দল ছাড়ার ইঙ্গিতপূর্ণ কথা বলায় বিতর্কের আগুনে ঘি পড়ে। যার পরিপ্রেক্ষিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেত্রী পদ্মজা বেণুগোপাল তারুরকে পদ্ম শিবিরে যোগ দেওয়ার জন্য স্বাগত জানিয়েছেন। রাজ্যের চারবারের কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে করুণাকরণের মেয়ে পদ্মজা বলেন, তারুরকে ডাকারও কিছু নেই। উনি নিজেই জানেন, দলে তাঁর সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে। উনি নিজেই একসময় বলেছিলেন, তাঁকে কোনও বৈঠকে ডাকা হয় না, কিংবা বৈঠকের কথা তাঁকে জানানোও হয়নি। উল্লেখ্য, প্রয়াত কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী একে অ্যান্টনির মৃত্যুর পর তাঁর ছেলে অনিল অ্যান্টনিকে দল টিকিট দিলে বঞ্চিত পদ্মজা দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন।