1.webp)
বিয়ের অনুষ্ঠানে আম্বানিরা হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে।
শেষ আপডেট: 1 October 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: আম্বানিদের রাজকীয় বৈভবের বিয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'গাঁটছড়া'কে কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। মঙ্গলবার হরিয়ানা বিধানসভা ভোটপ্রচারে এসে বিরোধী দলনেতা রাহুল বলেন, বিয়ের অনুষ্ঠানে আম্বানিরা হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে। এই টাকা কার? এই পুরো টাকাটাই আপনাদের, জনতাকে উদ্দেশ করে বলেন কংগ্রেস নেতা। তারপরেই মুকেশ আম্বানি-নীতা আম্বানি ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিলাসবহুল বিয়েতে মোদীকে নিশানা করেন রাহুল। বলেন, উনিই তো আম্বানিদের এই সুযোগ করে দিয়েছেন।
লোকসভা সদস্য রাহুল কৃষিপ্রধান হরিয়ানার মাটিতে দাঁড়িয়ে আক্ষেপের সুরে বলেন, যে দেশে একজন কৃষক ঋণের ভারে ডুবে কোনওমতে একটা বিয়ের আয়োজন করতে পারেন না, সেখানে আম্বানিরা একটা বিয়েতেই হাজার কোটির বেশি টাকা লুটিয়ে দিয়েছেন।
বাহাদুরগড়ের ওই জনসভায় তিনি আরও বলেন, আপনারা আম্বানিদের বাড়ির বিয়ে দেখেছেন? অত টাকা কার পকেট থেকে গিয়েছে? এগুলো আপনাদের টাকা। আপনাদের ছেলেমেয়ের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়। কিন্তু, নরেন্দ্র মোদী এমন একটা কাঠামো তৈরি করেছেন, যেখানে নির্দিষ্ট ২৫ জন কোটি কোটি টাকা বিয়েতে খরচ করতে পারেন। অন্যদিকে, ঋণজর্জর কৃষক অনেক কষ্টে ছেলেমেয়ের বিয়ে দিতে বাধ্য হন। এটা যদি সংবিধানের উপর আক্রমণ না হয় তাহলে কী?
কংগ্রেস নেতার অভিযোগ, মোদী স্বয়ং আদানি এবং আম্বানিকে সাহায্য করছেন। কীভাবে দেশের চাকরি ক্ষেত্রকে ধ্বংস করা যায়। আর তারপরেই ওরা সকলে মিলে সংবিধানকে ধ্বংস করতে পারবে। যখন আরএসএস তাদের নিজের লোককে সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবে এবং দেশের দলিত ও পিছড়েবর্গ মানুষ কোনও সুযোগ পাবে না, তখন ওরা সংবিধানের উপর চড়াও হবে। বিজেপি সংবিধানকে হত্যা করার চেষ্টা করেছিল, আমরা রক্ষা করেছি, বলেন রাহুল।