পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি চালু থাকবে ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক পর্যায়ে কিছু নির্বাচিত রুটে এটি কার্যকর হবে, যাতে যাত্রী প্রতিক্রিয়া ও প্রকল্পের কার্যকারিতা বিচার করা যায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 October 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে বিমানের টিকিটের (Airfare) দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে যাত্রীদের (Passengers) স্বস্তি দিতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র (Central Govt)। সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘অ্যালায়েন্স এয়ার’ (Alliance Air) চালু করল এক বিশেষ প্রকল্প, যার আওতায় টিকিটের দাম থাকবে স্থির। বুকিং যত দেরিতেই হোক না কেন, টিকিটের মূল্য (Ticket Price) আর বাড়বে না।
সোমবার নয়া প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ফেয়ার সে ফুরসত’ (Fare se Fursat)। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বিমানের ভাড়া নিয়ে উদ্বেগ থেকে যাত্রীদের মুক্তি দেওয়াই মূল লক্ষ্য।” মন্ত্রী আরও জানান, এই প্রকল্প সরকারের ‘উড়ান’ (UDAN) যোজনার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর কথায়, “অ্যালায়েন্স এয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সেই স্বপ্নকেই বাস্তবায়িত করছে, যেখানে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও নতুন মধ্যবিত্ত শ্রেণিও সহজে বিমানে যাত্রা করতে পারে।”
পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি চালু থাকবে ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক পর্যায়ে কিছু নির্বাচিত রুটে এটি কার্যকর হবে, যাতে যাত্রী প্রতিক্রিয়া ও প্রকল্পের কার্যকারিতা বিচার করা যায়।
অ্যালায়েন্স এয়ার বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৩৯০টি উড়ান চালায়, যার মধ্যে রয়েছে ছোট শহরগুলি - দিমাপুর, আইজল, জগদলপুর, জলগাঁও, বিলাসপুর, বিকানের ও রূপসির মতো গন্তব্য।
২০১৬ সালে শুরু হওয়া ‘উড়ান’ (UDAN) প্রকল্পের আওতায় ছোট শহর ও অনুন্নত রুটে বিমান পরিষেবা চালু করতে কেন্দ্রীয় সরকার ভর্তুকি, কর ছাড় দেয়।
এই খবর সেই সময়ে এল যখন বিমানভাড়া নিয়ে কার্যত আশঙ্কিত হচ্ছে সাধারণ যাত্রী, পর্যটকরা। কারণ এই বছরও ফের রেকর্ড ছুঁয়েছে বিমানভাড়া। দেশের নানা রুটে একমুখী টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার টাকায়। ভ্রমণ সংস্থাগুলির দাবি, চাহিদা ব্যাপক বাড়ায় অনেক রুটে ভাড়া ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
একাধিক অনলাইন ট্র্যাভেল সংস্থা (Travel Portals) জানিয়েছে, জনপ্রিয় বেশ কিছু রুটে টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কোনও ক্ষেত্রে গড় বিমানভাড়া বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। যেমন বেঙ্গালুরু থেকে কানপুর রুটে একমুখী টিকিটের দাম পৌঁছেছে ৪০ হাজার টাকায় (40 Thousand Rupees)।