
শেষ আপডেট: 30 January 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: বাজেট অধিবেশনের আগে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার। রাজ্যসভার ১১ এবং লোকসভার ৩ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে।
সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে সাসপেন্ড হন ১৪৬ জন বিরোধী সাংসদ। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিক্ষোভ করার জন্যই তাঁদের সাসপেন্ড করা হয়।
বহিষ্কৃত ১৩২ জন সাংসদের শীতকালীন অধিবেশনের শেষদিন পর্যন্ত সাসপেন্ড ছিলেন। বাকি ১৪ জন সাংসদের সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি পাঠানো হয়েছিল। গত ১২ জানুয়ারি সংশ্লিষ্ট কমিটি লোকসভার ৩ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেয়। আর আজ মঙ্গলবার রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করেছে কমিটি।
বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিল সরকার। বৈঠকে যোগ দেন ৩০ দলের ৪৫ জন নেতা। সূত্রের খবর, সর্বদল বৈঠকে সাসপেনশন নিয়ে সরব হয় বিরোধী শিবির। এবিষয়ে বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল জানান, বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হবে।
উল্লেখ্য, সংসদে রঙিন ধোঁয়া হামলার প্রতিবাদ করায় শীতকালীন অধিবেশনের শেষের দিকে কার্যত বিরোধী শূন্য হয়ে যায় সংসদ। যার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনও করেছে ইন্ডিয়া শিবির। অবশেষে বাজেট অধিবেশনের আগে এই সাসপেনশন প্রত্যাহার করা হল।