
শেষ আপডেট: 29 November 2023 17:00
দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির সেই আলিশান বাংলোর কথা মনে আছে? যেই বাড়িতে নিজের পরিবার নিয়ে থাকত ছবির প্রধান চরিত্র রকি রণধাওয়া। গল্পে দেখানো হয়েছিল, দিল্লির বাসিন্দা লাড্ডু ব্যবসায়ী রণধাওয়া পরিবারের বাংলো সেটি। বাস্তবে ওই বাড়িটি অবশ্য গ্রেটার নয়ডায়। এবার সেই বাড়িতেই খুন হয়ে গেলেন এক প্রৌঢ়। মৃতের নাম অশোক যাদব (৫৫)।
জানা গিয়েছে, গ্রেটার নয়ডার সেক্টর ওয়ানের এই প্রাসাদোপম বাংলোটিতে বিয়ের আসর বসেছিল সোমবার। সেই ভরা বিয়েবাড়িতে গুলি করে অশোককে খুন করেন তাঁর ছেলের শ্বশুর শেখর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে পারিবারিক সমস্যা চলছিল। এই নিয়ে বিবাদও হয়েছে। সোমবার তা মাত্রা ছাড়ায়। অভিযোগ, তখনই অশোককে গুলি করেন শেখর। এরপর গা ঢাকা দেন।
গৌর গ্রুপের এই বাংলোটির নাম গৌর মালবেরি ম্যানশন। বাংলো ছাড়াও সেখানে রয়েছে বিশাল বড় সবুজ উদ্যান, সাজানো বাগান। ভিতরে চোখধাঁধানো ঝাড়লণ্ঠন, বড় বড় কাচের দরজা- কমতি নেই কিছুরই। এদিকে সোমবারের ঘটনার পর থেকে ওই বাংলোটি পুরো থমথমে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে নয়ডা পুলিশ। অভিযুক্ত শেখরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি ফেরার।
পুলিশ জানিয়েছে, মৃত অশোক যাদব নয়ডার সেক্টর ৫১-র বাসিন্দা। অন্যদিকে যাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে, সেই শেখর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে থাকেন। সোমবার রাত সাড়ে ন'টা নাগাদ এই খুনের ঘটনা ঘটেছে। অশোকের ছেলে ও শেখরের মেয়ের মধ্যে বর্তমানে ডিভোর্সের মামলা চলছে। সেই নিয়েই দুই পরিবারের যত অশান্তি। অভিযোগ, অশোককে লক্ষ্য করে শেখর পরপর দু'টো গুলি চালান, তারপরই চম্পট দেন।