
অখিলেশ যাদব ও ডিম্পল যাদব। ফাইল ছবি
শেষ আপডেট: 26 April 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: সমাজের গরিব, দলিত, সংখ্যালঘু ও পিছড়েবর্গদের জন্য লড়াই করা সমাজবাদী পার্টির সুপ্রিমো, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সম্পত্তির পরিমাণ ২৬ কোটি ৩৪ লক্ষ টাকার। স্ত্রী ডিম্পল যাদব, যিনি মৈনপুরীর সপা প্রার্থী, তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকার। অর্থাৎ, সমাজবাদী পার্টির শীর্ষ দম্পতির মোট সম্পত্তি ৪১ কোটি টাকার বেশি।
একেবারে শেষ মুহূর্তে কনৌজ থেকে লোকসভা ভোটের মনোনয়ন জমা দিয়েছেন মুলায়ম-পুত্র। মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় অখিলেশ জানিয়েছেন, তাঁর ব্যাঙ্ক ঋণের পরিমাণ ৭৪ লক্ষ টাকা। ডিম্পলের ঋণ রয়েছে ২৫ লক্ষের। অখিলেশের বার্ষিক আয় ৮৪ লক্ষ টাকা হলেও নিজের কোনও গাড়ি নেই। লাইসেন্সড আগ্নেয়াস্ত্রও নেই তাঁর কাছে।
অখিলেশের বিরুদ্ধে তিনটি রাজনৈতিক মামলা রয়েছে। পৈতৃক গ্রাম সাইফাই ছাড়া লখনউতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। হলফনামার উল্লিখিত চমকপ্রদ স্বীকারোক্তি হল, স্ত্রী ডিম্পলের স্বামীর কাছে ৫৪ লক্ষ ২৬ হাজার টাকার ধার রয়েছে।
অখিলেশ হলফনামায় জানিয়েছেন, তাঁর ৯.১২ কোটি টাকার অস্থাবর এবং ১৭.২২ কোটির স্থাবর সম্পত্তি আছে। স্ত্রী ৫.১ কোটির অস্থাবর এবং ১০.৪৪ কোটির স্থাবর সম্পত্তির মালকিন। সপা প্রধানের হাতে ২৫.৬১ লক্ষ টাকা নগদ এবং ব্যাঙ্কের ভল্টে ৫.৪১ কোটি টাকা আছে।
অলঙ্কার ও মূল্যবান সামগ্রীর ভিতরে শরীরচর্চার যন্ত্র আছে একটি। যার মূল্য ৫.৩৪ লক্ষ টাকা এবং শৌখিন বাসনপত্র আছে ১.৬ লক্ষ টাকার। বছরে গড়ে তাঁর আয় ৮৪ লক্ষ টাকা। সেখানে স্ত্রী ডিম্পলের বছরে গড় আয় ৬৫ লক্ষ টাকা। দুটো হিসাবই গত পাঁচ বছরের।
মনোনয়ন জমা দিয়ে অখিলেশ বৃহস্পতিবার বলেছিলেন, বিজেপি নেতি রাজনীতি করছে। তাঁর লড়াই এই নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে। অখিলেশের দাবি, বিজেপি এই ভোট হারতে চলেছে। প্রথম দফার ভোটের পরেই বিজেপি নেতাদের কথার সুর বদলে গিয়েছে। এটা তারই প্রমাণ।