সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৫ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে নতুন এই সারচার্জ কার্যকর হবে। ওই সময়ের পর থেকে করা সমস্ত বুকিংয়ের ক্ষেত্রেই এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। তবে তার আগে বুক করা টিকিটের ক্ষেত্রে এই সারচার্জ লাগু হবে না।

আকাশা এয়ার
শেষ আপডেট: 14 March 2026 16:16
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগো (IndiGo), এয়ার ইন্ডিয়া (Air India)-র পর এবার আকাশা এয়ার (Akasa Air)। বিমানের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় টিকিটে নতুন করে 'ফুয়েল চার্জ' (Akasa Air fuel surcharge) বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই বিমান সংস্থা। আরব দুনিয়ায় চলা ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব (Middle East crisis aviation fuel) আরও প্রকট হচ্ছে বিমান পরিষেবায়, তা স্পষ্ট।
সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৫ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে নতুন এই সারচার্জ কার্যকর হবে। ওই সময়ের পর থেকে করা সমস্ত বুকিংয়ের ক্ষেত্রেই এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। তবে তার আগে বুক করা টিকিটের ক্ষেত্রে এই সারচার্জ লাগু হবে না।
এই ফুয়েল সারচার্জের পরিমাণ ১৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৩০০ টাকা পর্যন্ত হতে পারে। এটি সংস্থার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব
সংস্থার বক্তব্য, আরব দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কারণে এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই টিকিটে এই অতিরিক্ত সারচার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান এই পথ দিয়ে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করায় অপরিশোধিত তেল পরিবহণে সমস্যা দেখা দিয়েছে। ফলে ক্রুড অয়েল থেকে তৈরি বিভিন্ন জ্বালানির দাম বিশ্বজুড়েই বেড়েছে।
অন্য বিমান সংস্থারাও একই পথে
শুধু আকাসা এয়ারই নয়, এর আগে ভারতের আরও একাধিক বিমান সংস্থা টিকিটে ফুয়েল সারচার্জ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। শনিবার থেকেই এই সারচার্জ কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
এক সরকারি বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, আরব দুনিয়ায় চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম হু হু করে বেড়েছে। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (IATA)-এর জেট ফুয়েল মনিটরের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে জ্বালানির দাম ৮৫ শতাংশেরও বেশি বেড়েছে।
ইন্ডিগোর সারচার্জ কাঠামো
ইন্ডিগো জানিয়েছে, বিভিন্ন রুটের জন্য আলাদা আলাদা ফুয়েল সারচার্জ ধার্য করা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রীদের অতিরিক্ত ৪২৫ টাকা দিতে হবে। আরব দুনিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চিনগামী ফ্লাইটে সারচার্জ ৯০০ টাকা। আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার ক্ষেত্রে এই অতিরিক্ত চার্জ ১,৮০০ টাকা পর্যন্ত। ইউরোপগামী যাত্রীদের টিকিটে অতিরিক্ত ২,৩০০ টাকা পর্যন্ত সারচার্জ যুক্ত হতে পারে।
জ্বালানি খরচই বড় চাপ
এভিয়েশন শিল্পে বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। ২০২৬ সালের মার্চের শুরু থেকেই জ্বালানির সরবরাহে বিঘ্ন ঘটায় ATF-এর দাম দ্রুত বেড়ে চলেছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
ভারতে এই চাপ আরও বেড়েছে কারণ দিল্লি ও মুম্বইয়ের মতো বড় শহরে ATF-এর উপর উচ্চ হারে আবগারি শুল্ক এবং ভ্যাট ধার্য করা হয়। ফলে বিমান সংস্থাগুলির পরিচালন খরচ আরও বেড়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে টিকিটের দামে ফুয়েল সারচার্জ যোগ করা ছাড়া আপাতত আর কোনও উপায় দেখছে না বিমান সংস্থাগুলি।