
আরজি কাণ্ডে অভিনব প্রতিবাদ এইমসের - প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 August 2024 09:40
দ্য ওয়াল ব্যুরো: শহর, রাজ্য, দেশ। সর্বত্র আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। দিনদিন এই প্রতিবাদের ঝাঁজ আরও বাড়ছে তা বলতে বাধা নেই। শুধু কলকাতার ডাক্তাররা নন, দেশের প্রায় সব হাসপাতালের চিকিৎসকরা এই প্রতিবাদে সামিল হয়েছেন। কর্মবিরতি পালন করছে একাধিক চিকিৎসক সংগঠন। দিল্লি এইমসও আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আগেই গর্জে উঠেছে। এবার তাঁরা অভিনব পন্থা বেছে নিল।
রাস্তায় দাঁড়িয়ে রোগী দেখবেন চিকিৎসকরা! হ্যাঁ, এমনই সিদ্ধান্ত নিয়েছেন এইমসের প্রতিবাদী ডাক্তাররা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে রাস্তায় দাঁড়িয়ে তাঁরা রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ অর্থাৎ সোমবার থেকেই তাঁরা এই অভিনব প্রতিবাদ শুরু করতে চলেছে। দেশ জুড়ে কর্মবিরতি পালনের জেরে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। ইতিমধ্যে একাধিক জায়গায় তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এই অবস্থায় এইমসের চিকিৎসকরা এমন সিদ্ধান্ত নিলেন যাতে রোগী দেখাও হবে, আবার আরজি কর কাণ্ডে প্রতিবাদও জানানো যাবে।
হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে পরিষেবা আপাতত বন্ধই থাকছে। চিকিৎসকদের সাফ বক্তব্য, হাসপাতালে নিরাপত্তা এবং আরজি কর কাণ্ডে সুবিচার না দেওয়া পর্যন্ত তাঁদের এই প্রতিবাদ বজায় থাকবে। কলকাতার ঘটনার পর তাঁর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ডাক্তার, হাসপাতালের কর্মীরা। প্রসঙ্গত, গত ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই কার্যত কর্মবিরতিতে গেছেন চিকিৎসকরা।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শনিবার ঘোষণা করেছে যে, কেন্দ্র একটি কমিটি গঠন করবে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে সরকারকে সুপারিশ দেবে এই কমিটি। এই কমিটির কাছে রাজ্য সরকারগুলি সহ সংশ্লিষ্ট সব পক্ষই তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে। এরই মাঝে আরজি করের ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ দাবি করেছে আইএমএ।