.webp)
আন্ডারপাসে জল জমে যাওয়ায় আটকে পড়েছে গাড়ি।
শেষ আপডেট: 29 August 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টিতে ফের জলনগরীর চেহারা নিয়েছে রাজধানী দিল্লি ও সংলগ্ন এনসিআর। বিভিন্ন রাস্তা ও পাড়ায় কোথাও হাঁটুসমান তো কোথাও কোমর জল দাঁড়িয়ে গিয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। বৃহস্পতিবার শেষ রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় রাজধানী এলাকা জুড়ে।
উল্লেখ্য, গত এক দশকের হিসেবে অগস্টে দিল্লিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্র জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। বৃষ্টির পরপরই শহরের নিকাশি ব্যবস্থাকে ব্যঙ্গ করে বিভিন্ন জলছবি পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
বেশ কয়েকটি আন্ডারপাসে জল জমে পুকুর হয়ে যাওয়ায় সেখানে ছোট-বড় গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে সকালে স্কুলগামী ছাত্রছাত্রী ও অফিসযাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হন।
ধৌলাকুয়াঁর শঙ্কর বিহার, প্যারেড রোডের আন্ডারপাস, দিল্লি ক্যান্টনমেন্ট, মেহরৌলি-বাদারপুর রোড, টিগরি এলাকায় জল জমে যায় বৃষ্টির ফলে। এছাড়াও নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গ্রেটার নয়ডা জলমগ্ন হয়ে রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রেখা তৈরি হওয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। গুজরাত ও ত্রিপুরায় বন্যা পরিস্থিতি চলছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত এইসব রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।