ইউসুফকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ জানায়, কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। শেষমেশ গ্রেফতার করা হয় তাঁকে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 June 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরের লুকআউট সার্কুলারের জেরে শেষমেশ ধরা পড়ল আফগানিস্তানের এক বাসিন্দা (Afghanistan Citizen)। রবিবার ভুয়ো ভারতীয় পাসপোর্ট-সহ ৫৪ বছরের মহম্মদ ইউসুফকে (Md Yusuf) গ্রেফতার করেছে ভুবনেশ্বর বিমানবন্দর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে ইন্ডিগোর ৬ই-১৪৮৮ নম্বর উড়ানে ভুবনেশ্বর বিমানবন্দরে নামেন ইউসুফ। ইমিগ্রেশন ডেস্কে নথিপত্র খতিয়ে দেখার সময়ে তাঁর পাসপোর্ট ঘিরে সন্দেহ হয়। পরে দেখা যায়, সেটি জাল। তখনই উঠে আসে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা লুকআউট সার্কুলারের (LOC) কথা।
এরপরই ইউসুফকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ জানায়, কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। শেষমেশ গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০ হাজার টাকা, একটি স্মার্টফোন, সোনার দুটি কানের দুল, একাধিক ভুয়ো ব্যাঙ্ক নথি, এমনকি একটি মোটরবাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানাচ্ছে, এই ইউসুফ ২০১৮ সালেও একবার ভুয়ো পরিচয়ে ভারতে ঢুকেছিল। তখন তিনি নিজের নাম বলেছিলেন ইয়াহিয়া খান এবং থাকতেন কটকে। সেই সময়েও তিনি বিভিন্ন জাল নথি ব্যবহার করে ঘাঁটি গেড়ে ফেলেছিলেন ভারতে। এবার ফের একই কায়দায় ভারত ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে ধরা পড়ে যান।
পুলিশ জানিয়েছে, ইউসুফ নিজেই স্বীকার করেছেন যে, তিনি ভোটার কার্ড, আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স-সহ একাধিক সরকারি পরিচয়পত্র জাল করেছিলেন। সেই সব নথি কাজে লাগিয়ে দেশে বিভিন্ন রাজ্যে ঘোরাফেরা করেছেন, এমনকী ব্যবসাও করেছেন।
এই নথির ভিত্তিতেই তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন, নানা আর্থিক লেনদেন করেছিলেন বলেও পুলিশের দাবি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন ইউসুফ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন খতিয়ে দেখছে, ইউসুফের সঙ্গে কোনও আন্তর্জাতিক জাল পরিচয়পত্র চক্র বা অনুপ্রবেশ চক্রের যোগ রয়েছে কিনা।