
প্রয়াগরাজ ও যোগী আদিত্যনাথ
শেষ আপডেট: 20 February 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-র রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে, প্রয়াগরাজের সঙ্গমের জলে কিলবিল করছে বিপজ্জনক সব ব্যাকটেরিয়া। যে কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি তাহলে কুম্ভের জল স্নানের যোগ্য?
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী অবশ্য রিপোর্টে দাবি করা তথ্য হেলায় উড়িয়ে দিয়েছেন। যোগী আদিত্যনাথ ভারী গলায় জানিয়ে দিয়েছেন, 'সঙ্গমের জল শুধু স্নানই নয়, পানেরও (আচমন) যোগ্য।' তাঁর অভিযোগ আদতে ভুয়ো তথ্য প্রচার করে সনাতন ধর্ম ও কুম্ভের বদনাম করার চেষ্টা চলছে।
তবে ছেড়ে কথা বলবার পাত্র নন ধ্রুব রাঠী। সুযোগ বুঝে যোগীকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জনপ্রিয় ইউটিউবার। নিজের এক্স হ্যান্ডেলে মহাকুম্ভে পুণ্যার্থীদের স্নানের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, "আদিত্যনাথের এক সপ্তাহ ধরে প্রতিদিন এই জল পান করে রিপোর্ট প্রকাশ করা উচিত।"
Adityanath should expose the report by drinking this water daily for a week. https://t.co/VcuHKanIhi pic.twitter.com/f5rawKz9p4
— Dhruv Rathee (@dhruv_rathee) February 19, 2025
ভিডিওতে মহাকুম্ভের জলের যে দশা দেখা যাচ্ছে, তাতে নাক সিঁটকেছেন নেটিজেনরা। অনেকেই মজা করে ভিডিওর নীচে লিখেছেন, যোগী কি এই চ্যালেঞ্জ নেবেন? প্রশ্ন উঠছে, ধ্রুবর পাল্টা কিছু সাফাই দেন কিনা আদিত্যনাথ।
অন্যদিকে খোঁচা মারতে ছাড়েননি বিশাল দাদলানিও। সোশ্যাল মিডিয়ায় যোগীর মন্তব্যের পাল্টা দিয়ে বলেছেন, "স্যর, আমরা আপনাকে বিশ্বাস করি। নিন্দকদের কথায় কান দেবেন না। দয়া করে আপনি নিজেই নদী থেকে সরাসরি এই সুস্বাদু পানীয় জল তুলে পান করুন এবং ক্যামেরাবন্দি করুন সেই দৃশ্য।"
ব্যাঙ্গ করে আরও লেখেন, "আপনি যদি আমাশা, কলেরা, কৃমি, যাবতীয় কিছুর আশঙ্কা না করেন, তা হলে বুঝতে হবে আপনি সত্যিই বিশেষ ক্ষমতাসম্পন্ন। দয়া করে আপনি এগিয়ে যান এবং এই নর্দমায় নিজে ও নিজের পরিবারকে নিয়ে ডুব দিন।"
বস্তুত, দিন দুয়েক আগে সিপিসিবি জানায়, গঙ্গার জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। পরে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, 'প্রায় ৫৬ কোটি ২৫ লক্ষের বেশি মানুষ প্রয়াগরাজে পুণ্যস্নান সেরেছেন। অথচ একের পর এক ভুয়ো তথ্য তুলে ধরা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'ভুলভাল ভিডিও ছড়িয়ে সনাতন ধর্ম, মা গঙ্গা, ভারত ও কুম্ভকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এগুলির মধ্য দিয়ে ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়েও খেলা হচ্ছে। সঙ্গমের জল শুধু স্নানের যোগ্যই নয়, এটি আচমনেরও উপযুক্ত।’
যদিও জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত নিয়ে যোগী সরকার ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল