
অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 6 February 2025 07:29
দ্য ওয়াল ব্যুরো: ২৭ বছর পর 'কামব্যাক' করতে পারে বিজেপি! দিল্লির ভোট হয়ে যাওয়ার পর এমনই আভাস দিয়েছে একাধিক এক্সিট পোল। এটা দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির। কিন্তু আম আদমি পার্টি সরাসরি এই এক্সিট পোলকে 'খারিজ' করে দিয়েছে। তাঁদের সাফ কথা, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালই ফিরতে চলেছেন।
বুধবার রাত পর্যন্ত একাধিক এক্সিট পোল বিজেপির দিকেই পাল্লা ভারী বলে সঙ্কেত দিয়েছে। কিন্তু আম আদমি পার্টি স্পষ্ট বলছে, আগেও তাঁদের 'ছোট' করে দেখা হয়েছে। কিন্তু তাঁরা প্রমাণ করেছে যে এক্সিট পোল সব নয়। এবারও তাই হবে। দলের মুখপাত্র রিনা গুপ্তর কথায়, '২০১৫, ২০২০ সালেও আমাদের ছোট করে দেখিয়েছিল এক্সিট পোল। প্রতিবার বলা হয়েছিল আমরা কম আসন পাব। কিন্তু বারবার আপ প্রমাণ করে দিয়েছে। এবারও তাই হবে।'
চাণক্য জানিয়েছে, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি ৩৯-৪৪টি আসনে জিততে পারে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আপ ২৫-২৮টি আসন পকেটে পুরতে পারে। পি-মার্ক এক্সিট পোলে আপকে দেওয়া হয়েছে, ২১-৩১টি আসন। অন্যদিকে, বিজেপির ভাগে গিয়েছে ৩৯-৪৯টি। এদিকে জেভিসি এক্সিট পোলের পরিসংখ্যানে বিজেপি পেতে পারে ৩৯-৪৫টি বিধানসভা কেন্দ্র। আপের হাতে থাকবে ২২-৩১টি। পিপলস ইনসাইট এক্সিট পোলের হিসেবে আপ ২৫-২৯, বিজেপি ৪০-৪৪। ম্যাট্রিজ-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, আপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির। তাদের হিসাবে বিজেপির ভাগে আসতে পারে ৩৫-৪০, আপ ৩২-৩৭।
তাৎপর্যপূর্ণ বিষয়, এবার খোদ অরবিন্দ কেজরিওয়ালই আপের আসন কমবে বলে মন্তব্য করেছিলেন। আপ সুপ্রিমোর ব্যাখ্যা ছিল, এবারের ভোটে আপ ৫৫টি আসন পেতে পারে। কিন্তু মহিলারা যদি বেশি করে ভোট দিতে বের হন, যদি এবং তাদের পরিবারের পুরুষদেরও আপকে ভোট দিতে রাজি করাতে পারেন, তাহলে তাঁর দল ৬০টি আসন বা তার বেশি পেতেই পারে। সেই প্রেক্ষিতে মহিলাদের আরও বেশি করে ভোট দিতে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন কেজরিওয়াল।
গত দুই বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসকে কার্যত দাঁড়াতে দেয়নি আম আদমি পার্টি। ২০১৫ সালে তাঁরা পেয়েছিল ৭০-এর মধ্যে ৬৭টি আসন। আর ২০২০ সালে তা একটু কমে হয়েছিল ৬২টি। এবার কী হতে চলেছে তা জানা যাবে ৮ তারিখ।