
রাজকুমার আনন্দ
শেষ আপডেট: 10 April 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: আদালত থেকে রেহাই মিলছে না। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এই পরিস্থিতিতে বুধবার আরও এক বিপদের মুখোমুখি হল আম আদমি পার্টি এবং কেজরিওয়াল স্বয়ং। মন্ত্রিত্ব এবং পার্টি ছাড়লেন আপ নেতা ও বিধায়ক রাজকুমার আনন্দ।
বুধবার কেজরিওয়াল এবং দিল্লির উপ রাজ্যপাল বি কে সাক্সনাকে ই-মেলে পদত্যাগপত্র পাঠিয়েছেন আনন্দ।
পরে সাংবাদিক বৈঠক ডেকে দল, বিশেষ করে আপ সুপ্রিমোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন ওই মন্ত্রী। তিনি বিজেপি বা অন্য কোনও দলে যাবেন কিনা স্পষ্ট করেননি। তবে ক'দিন ধরেই আপ নেতারা অভিযোগ করে আসছিলেন, বিজেপি দল ও সরকারে ভাঙন ধরাতে চাইছে।
রাজকুমারের অভিযোগ আম আদমি পার্টি পুরোপুরি দলিত বিরোধী। দল ও পার্টিতে দলিতদের কোনও সম্মান, মর্যাদা নেই। আপ এবং দলীয় সুপ্রিমো কেজরিওয়াল পুরোপুরি দলিত বিরোধী। প্রসঙ্গত, পদত্যাগী মন্ত্রী রাজকুমার সমাজকল্যাণ দফতরের মন্ত্রী। ওই দফতর পিছিয়ে থাকা মানুষের কল্যাণে কাজ করে থাকে।
তাঁর আরও অভিযোগ, যে।লক্ষ্য নিয়ে আপের যাত্রা শুরু হয়েছিল, সেই জায়গা থেকে পার্টি সরে গেছে। কেজরিওয়াল দেশের রাজনীতি বদলের কথা বলে ক্ষমতায় এসে নিজেই বদলে গিয়েছেন।
গ্রেফতারি নিয়েও কেজরিওয়ালকে এক হাত নিয়েছেন পদত্যাগী মন্ত্রী। রাজকুমারের বক্তব্য, মুখ্যমন্ত্রী দলকে বলেছিলেন, ইডি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। কিন্তু দিল্লি হাই কোর্ট মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছে, ইডির আদৌ জবরদস্তি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেনি।