
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 November 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: এখনও ঘরে বসে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যায়। তবে চলতি বছরের ডিসেম্বর মাসের পর থেকে যাবে না। আধার কার্ড আপডেট করতে গেলে ন্যূনতম টাকা দিতে হবে। তাই সময়সীমা থাকতে থাকতেই বিনামূল্যে আধার কার্ড আপডেট করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কীভাবে করবেন?
নতুন নিয়ম অনুযায়ী, ১৪ ডিসেম্বরের পর থেকে ১০ বা তার বেশি বছরের পুরনো আধার কার্ড আপডেটে নির্দিষ্ট ফি দিতে হবে কেন্দ্রকে। তার আগে এখনও যারা আধার কার্ড বিনামূল্যে আপডেট করেননি তাদের করিয়ে নেওয়ার পরামর্শই দেওয়া হচ্ছে। বাড়িতে বসেই অনায়াসে করা যাবে এই কাজ। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেই তা করা যায়। তার জন্য শুধু আধারের ওয়েবসাইটে যেতে হবে।
আধার কার্ড আপডেট করতে গেলে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা ইউআইডিএআই-এর ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ লগ ইন করতে হবে। সেখানে 'মাই আধার' অপশনে ক্লিক করে 'আপডেট ইওর আধার' অপশনে ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে তাতে নির্দিষ্ট তথ্য ফিলআপ করে 'আপডেট' অপশনে ক্লিক করতে হবে আধার কার্ড আপডেট করার জন্য।
কাজ অবশ্য এখানেই শেষ নয়। এরপর নিজের সব নথির স্ক্যান কপি জমা করতে হবে গ্রাহককে। তারপর 'ক্যাপচা' এবং 'ওটিপি' দিলেই আপডেট হয়ে যাবে আধার কার্ড। যদিও ঘরে বসে এই পদ্ধতিতে শুধুমাত্র গ্রাহক নিজের জন্ম তারিখ, নাম, ঠিকানাই বদলাতে পারবেন। বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ, মণির স্ক্যান) বদলাতে চাইলে আধার কেন্দ্রেই যেতে হবে।
বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা প্রাথমিকভাবে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত ছিল। পরে তা প্রথম ১৪ সেপ্টেম্বর করে তা আবার বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়। তারপর টাকা দিয়ে আপডেট করতে হবে। যদিও কত টাকা দিতে হবে সেই তথ্য এখনও স্পষ্টত না জানা গেলে সূত্রে খবর, ৫০ টাকা করে দিতে হবে গ্রাহককে।