
শেষ আপডেট: 23 November 2023 15:59
দ্য ওয়াল ব্যুরো: শুনশান গলি। স্ট্রিট লাইটের আলো জ্বলছে। সেখানেই এক কিশোর দৌড়ে গিয়ে গলা টিপে ধরেছে এক তরুণের। প্রতিরোধ করার সুযোগ না দিয়েই তরুণকে কোপাতে থাকে ওই কিশোর। খুনের পরেই পৌশাচিক আনন্দে দু'হাত তুলে নাচতে থাকে সে। এমন হাড়হিম করা দৃশ্য উঠে এল রাজধানী দিল্লির এক গলিতে। রাস্তার একটি সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা রেকর্ড হয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দিল্লি পুলিশও তাজ্জব হয়ে গিয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনাটি মঙ্গলবার রাতের। ঘটনাস্থল উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকা। বিরিয়ানি খাওয়ার জন্য ওই তরুণের কাছ থেকে কিশোরটি টাকা ছিনতাই করার চেষ্টা করছিল। তরুণ রেহাই পেতে ছুটতে শুরু করে। অভিযুক্ত কিশোর তাকে ধাওয়া করে ধরে ফেলেই পকেট থেকে ছুরি বের করে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ওই তরুণ রাস্তায় লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপরে ওই তরুণের মৃতদেহের উপর উঠে নাচতে দেখা যায় অভিযুক্ত ওই কিশোরকে। পুলিশের জানিয়েছে, অভিযুক্ত ওই তরুণকে কমপক্ষে ৬০ বার কোপ মেরেছিল।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত দেহটিকে টেনে গলির একটি অন্ধকার জায়গায় নিয়ে যায় এবং সেখানে আরও কয়েকবার কোপ মারে। মৃতদেহের মাথায় কয়েকবার লাথিও মারে সে। এই ঘটনা সিসি টিভিতে নজরে এলে পুলিশ সঙ্গে সঙ্গে জনতা মজদুর কলোনির ওই গলিতে যায়। সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, তার বয়স ১৬। মাত্র ৩৫০ টাকার জন্য ওই যুবককে খুন করেছে।