সদ্য আহমেদাবাদে বাবার নতুন ভাড়া বাড়িতে এসে উঠেছে আরিয়ান। মেঘানিনগরের সেই বাড়ির ছাদ থেকে প্লেনের ঘন ঘন উড়ান দেখে কৌতূহল চেপে রাখতে পারেনি সে।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 June 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) ৫ দিন পার হয়েছে। কিন্তু কীভাবে বিপর্যয় ঘটল তার আসল কারণ এখনও স্পষ্ট নয়। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যও মিলেছে। তবুও দুর্ঘটনার মূল কারণ প্রকাশ্যে আসতে আরও কিছু দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে এক নাবালকের তোলা ভিডিও (Viral Video) বড় ভূমিকা পালন করবে বলে অনুমান বিশেষজ্ঞদের।
৩২ সেকেন্ড! টেক-অফের পর মাত্র এইটুকু সময়ের মধ্যেই আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Crash)। বিপর্যয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। আর বিপর্যয়ের এই ভিডিও করেছিল ১৭ বছরের আরিয়ান আসারি (Aryan Asari)। সেই ভিডিওই তদন্তকারীদের কাছে এখন মূল্যবান প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও নিজের মোবাইল ক্যামেরায় বন্দি করেছিল সে। তারপরই কার্যত ভয়ে সিঁটিয়ে রয়েছে আরিয়ান।
সদ্য আহমেদাবাদে বাবার নতুন ভাড়া বাড়িতে এসে উঠেছে আরিয়ান। মেঘানিনগরের সেই বাড়ির ছাদ থেকে প্লেনের ঘন ঘন উড়ান দেখে কৌতূহল চেপে রাখতে পারেনি সে। মাঝে মাঝেই ছাদে উঠে বিমানে ভিডিও করত নাবালক। দুর্ঘটনার দিনও দুপুরে খাওয়ার পর বোন ও বন্ধুকে সঙ্গে নিয়ে ছাদে ওঠে। আর অভিশপ্ত ওই বিমানের ভিডিও রেকর্ড করতে শুরু করে। তাঁর ভিডিওতে ধরা পড়ে গোটা ঘটনা।
সচক্ষে এমন বিপর্যয় দেখে বাকরুদ্ধ হয়ে গেছিল আরিয়ান। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সে জানিয়েছে, “প্লেনটা খুব কাছ দিয়ে যাচ্ছিল, তাই ভিডিও করছিলাম। প্রথমে ভেবেছিলাম সেটি ল্যান্ড করতে চলেছে। কিন্তু আচমকা আগুন লেগে যায়। বিস্ফোরণ ঘটে। ভয় পেয়ে গিয়েছিলাম।” এরপর যা ঘটেছে, তা ভাবতেই পারেনি ওই কিশোর। রাতে আর ঘুমোতে পারেনি। পরে যখন খবরের মাধ্যমে বুঝতে পারে যে, সে-ই শেষ মুহূর্তের ভিডিও তুলে ফেলেছে—তখন যেন শরীর ঠান্ডা হয়ে আসে।
পরিবার সূত্রে খবর, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে আরিয়ান। তাঁর তোলা ভিডিও তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত ১৪ জুন তাঁকে ডেকে পাঠায় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। সাক্ষী হিসেবে বিবৃতি নেওয়া হয়েছে।
এদিকে আরিয়ান বলছে, “আর কোনওদিন বিমানে উঠব না...”