
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 April 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: এজলাসের ভিতরেই বিচারককে হুমকি। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতেই সে বলে উঠল, 'কে তুই? দেখি কীভাবে বেঁচে বাড়ি ফিরিস।' ঘটনাটি ঘটেছে দিল্লির এক আদালতে (A shocking incident from Delhi Courtroom)।
চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি বিচারক শিবাঙ্গী মঙ্গলা তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। গত ২ এপ্রিল রায় ঘোষণা করে তার জামিনের আর্জিও খারিজ করে আদালত।
রায়ে অসন্তুষ্ট হয়ে বিচারককে লক্ষ্য করে হাতের কাছে থাকা একটি বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন অভিযুক্ত। এরপরই নিজের আইনজীবীকে বলে, 'যা করার হয় করুন'। অভিযোগ, আদালতের ভিতরে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযুক্ত এবং তাঁর আইনজীবী বিচারকের উদ্দেশে অকথ্য ভাষার প্রয়োগ করেন। শারীরিকভাবে হেনস্থ করা হয় বলেও অভিযোগ।
এর মাঝেই আসামি হুমকি দিয়ে বলে, 'কে তুই? একবার বাইরে যা, দেখি কীভাবে বেঁচে বাড়ি ফিরিস।' এমনকি অভিযুক্তকে বেকসুর খালাস না করা হলে ওই মহিলা বিচারককে জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হবে বলেও হুমকি দেওয়া হয়। যদিও এই পরিস্থিতিতেও নিজের রায়েই অনড় থাকেন বিচারক।
গোটা বিষয়টি জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) নজরে আনার সিদ্ধান্ত নিয়েছেন বিচারক। পাশাপাশি অভিযুক্তের আইনজীবী তাঁর 'আপত্তিকর' আচরণের জন্য জবাব চেয়ে নোটিস পাঠানো হয়েছে।