
ফাইল চিত্র
শেষ আপডেট: 4 September 2024 23:59
দ্য ওয়াল ব্যুরো: ভারত-ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে দুই দেশ। ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে সে দেশে ভারতের কনস্যুলেট জেনারেলের অফিস। চলতি মাসের ১৪ আর ১৫ তারিখের অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে মূল আলোচ্য দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পর্ক বিষয়ে চর্চা।
দুই দেশের বিশেষজ্ঞ, কলাকূশলী এবং শিক্ষাজগতের মানুষেরা মত বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্কের পরিমণ্ডলকে আরও প্রসারিত করার প্রয়াস করবেন। ১৪ সেপ্টেম্বর ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক, ভাষাগত, ধর্মীয় এবং শিল্পের আদান-প্রদানের মাধ্যমে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
পরদিন দুই দেশের প্রতিনিধিদের চিন্তার আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে একাধিক আয়োজন থাকছে। ভারত মহাসাগরে প্রাচীন সামুদ্রিক বাণিজ্য রুট খুঁজে দেখা, ইন্দোনেশিয়ার হিন্দু-বৌদ্ধ ঐতিহ্যের সন্ধান, ভাষা এবং সাহিত্য-সহ একাধিক বিষয়ে আলোচনা করা হবে।
সম্মেলনের সহ-আয়োজক ভারতের সংস্কৃতি মন্ত্রকের সংস্থা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, কলকাতার দ্য ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ। সম্মেলনের অন্যতম আয়োজক ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলছেন, ‘ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ক বহুমুখী। আমাদের সভ্যতাগত যোগসূত্র চলতি সম্পর্কের বিকাশের জন্য এক বিশাল মিলনস্থল।’ তিনি আরও বলেছেন, ‘বর্তমানকে প্রাসঙ্গিক করে তোলার জন্য এবং ভবিষ্যতে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে আমাদের অভিন্ন ইতিহাসের স্মৃতিকে বাঁচিয়ে রাখা এই সম্মেলন একটি প্রচেষ্টা।’
ভারতের কনসাল জেনারেল ড. শশাঙ্ক বিক্রম বলছেন, ‘আশা করি সম্মেলনটি দুই দেশের জনগণের মধ্যে প্রাচীন সাংস্কৃতিক বন্ধনগুলিকে পুনরায় আবিষ্কার ও লালন করার জন্য ব্যাপক আগ্রহ তৈরি করতে সাহায্য করবে। পাশাপাশি এই বিষয়ে আরও গবেষণার দিকে নিয়ে যাওয়া অ্যাকাডেমিক আগ্রহকে পুনরুজ্জীবিত করবে।’