
গরমে মৃত্যু অব্যাহত
শেষ আপডেট: 1 June 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা পঞ্চাশ ছুঁই ছুঁই। তারমধ্যেই শনিবার ভোট হচ্ছে বারাণসী ও আশপাশের বেশ কিছু লোকসভা আসনে। বেলা ১১'টা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ২৮ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে।
তবে ভোট নিয়ে উন্মাদনা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে গত কয়েকদিনের মৃত্যু মিছিলে। শুক্রবারও ভোট কর্মী সহ ৩৪ জন মারা গিয়েছেন বারাণসী ও আশপাশের জেলায়। গোটা উত্তর প্রদেশে মৃত্যু পাঁচশো ছুঁতে চলেছে। ওয়াকিবহাল মহলের খবর, এমন পরিস্থিতির নজির নেই। কয়েক হাজার মানুষ অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ।
ভয়াবহ অবস্থা বারাণসীর মণিকর্ণিকা শ্মশান ঘাটের। গত ৪৮ ঘন্টায় আসা অধিকাংশ দেহ দাহ করা সম্ভব হয়নি। সেখানে ৭০০ মরদেহ জমে গিয়েছে। স্বজনেরা দেহ বরফ চাপা দিয়ে রেখে দাহের অপেক্ষায় আছেন।
বারাণসী সহ উত্তর ভারতে এখনও মরদেহ কাঠে দাহ করার চল আছে। একসঙ্গে বিপুল সংখ্যায় দেহ চলে আসায় কাঠের আকাল দেখা দিয়েছে শ্মশানে। দেহ প্রতি কাঠ বাবদ নেওয়া হয় পাঁচ হাজার টাকা। সেই কাঠের জন্য গুণতে হচ্ছে পনেরো হাজার টাকা।
স্থানীয় মানুষের বক্তব্য, করোনার পর এমন পরিস্থিতি তৈরি হয়নি শ্মশানে। তখনও দিনের পর দিন দেহ ফেলে রাখতে হয়েছিল সৎকার না হওয়ায়।
মণিকর্ণিকা ঘাট শ্মশানে সৎকার করার চাপ সারা বছরই থাকে। স্থানীয়রা অনেকেই মৃত স্বজনের দেহ দাহ করাতে চান। তার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র দাবদাহে মৃত্যু মিছিল।