আইনটি কার্যকর হলে সোশ্যাল মিডিয়া (Social media) থেকে যে কোনও ধরনের সন্দেহ ও আপত্তিজনক পোস্ট বাদ দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের হাতে আসবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 21 June 2025 09:35
দ্য ওয়াল ব্যুরো: ভুয়া খবর (fake news) ছড়ালে সাত বছর জেল (7 years jail) এবং দশ লাখ জরিমানার (Rs 10 Lakhs fine) বিধান-সহ আইন তৈরি করছে কর্নাটকের কংগ্রেস সরকার (Karnataka government led by Congress)। কর্নাটক মিসইনফরমেশন অ্যান্ত ফেক নিউজ (প্রহিভিশন) অ্যাক্টের (Karnataka Misinformation and Fake news (Prohibition) Act) খসড়া তৈরি করেছে রাজ্য সরকার।
আইনটি কার্যকর হলে সোশ্যাল মিডিয়া (Social media) থেকে যে কোনও ধরনের সন্দেহ ও আপত্তিজনক পোস্ট বাদ দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের হাতে আসবে। চলতি ব্যবস্থায় ফেসবুক, এক্স প্রভৃতি সংস্থার সঙ্গে সরকারের বিরোধ হচ্ছে। অনেক সময়ই সরকারের সঙ্গে মতের মিল হচ্ছে না সংস্থাগুলির।
তাৎপর্যপূর্ণ হল, নির্বাচনী প্রচার, রাজনৈতিক দলের (election and political parties campaign) সভা-সমিতিতে বলা বক্তব্যও এই আইনের অধীনে আসবে। দেশে বর্তমানে চালু থাকা আইনগুলিতে আলাদা করে ভোট ও রাজনৈতিক দলের প্রচারের উল্লেখ নেই। কর্নাটক সরকারের এক আধিকারিকের বক্তব্য, রাজনৈতিক মঞ্চ থেকে বলা কথাকে হাতিয়ার করে অনেক সময় মিথ্যার জাল বোনা হয়ে থাকে। প্রার্থীর সম্পর্কে মিথ্যা অভিযোগ তুলে বাজিমাৎ করার চেষ্টা হয়। সরকার এই পরিস্থিতির পরিবর্তন চায়। এমন আপত্তিজনক প্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আধিকারিকেরা মামলা দায়ের করতে পারবেন।
কর্নাটকে এমন আইন তৈরির প্রতিশ্রুতি বিগত বিধানসভা ভোটের সময় কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছিল। তার আগে বিজেপি সরকারের সময় রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা, দাঙ্গার ঘটনা লেগেই থাকত। বিশেষ করে দক্ষিণ কর্নাটকে একাধিক ঘটনা ঘটে। সব ক’টি ঘটনাতেই দুষ্কৃতীরা সমাজমাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে হিংসায় উসকানি দেয়।
প্রস্তাবিত আইনে ছয় সদস্যের একটি রেগুলেটরি বোর্ড গঠনের কথা বলা হয়েছে। বোর্ড স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ চিহ্নিত করতে পারে। এছাড়া বোর্ডের কাছে অভিযোগ জানানোর সুযোগ থাকবে। থাকবে বিশেষ আদালত। যেখানে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা দায়ের করা যাবে।
খসড়া বিলে আরও একটি বিষয় সংযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, কোনও ধর্মীয় প্রতীক, স্লোগান, কথা, দেবদেবী, ধর্মীয় নেতা প্রমুখের ছবি বা ওই জাতীয় কোনও কিছুর বিকৃত, উদ্দেশ্যপ্রণোদিত অপব্যবহার করলেও এই আইনে বিচার হবে।